Collector
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো: পর্তুগাল কোচ | Collector
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো: পর্তুগাল কোচ
Somoy TV

২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো: পর্তুগাল কোচ

৪১ বছর বয়সে আরেকটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিট থাকলে আসন্ন ২০৩০ বিশ্বকাপেও তাকে খেলাতে সমস্যা নেই পর্তুগালের, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ।আসন্ন বিশ্বকাপের মধ্য দিয়ে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রোনালদো। বয়সটা ৪০ পেরিয়ে গেলেও মাঠের ঝাঁজটা এখনও আছে পর্তুগিজ মহাতারকার। সৌদি ক্লাব আল নাসরের হয়ে নিয়মিত পারফর্ম করছেন। ফুটবল থেকে কবে অবসর নেবেন এমন কোনো ইঙ্গিতও নেই। অনুমিতভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি ২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন পর্তুগালের কোচ। ২০৩০ সালের বিশ্বকাপে রোনালদো খেলতে পারেন কিনা, এমন প্রশ্নের জবাবে স্প্যানিশ রেডিও 'কাদেনা সের'কে মার্টিনেজ বলেন, 'কারো এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। সে এই জায়গা নিজের যোগ্যতায় অর্জন করেছে।' তিনি আরও বলেন, 'আমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর আদর্শ পর্তুগালের সমস্ত তরুণ ফুটবলারদের মাঝে ছড়িয়ে দিতে চাই, কারণ সে তরুণদের জন্য এক চমৎকার রোল মডেল।' রোনালদোকে নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশে কোচ আরও বলেন, 'আমরা কোচিং স্টাফরা একটি সিদ্ধান্তে পৌঁছেছি; ক্রিস্টিয়ানো রোনালদো কেবল নির্দিষ্ট কোনো দলীয় বা ব্যক্তিগত ট্রফি জেতার জন্য খেলে না। সে কী খাচ্ছে তা দিয়ে তাকে সংজ্ঞায়িত করা যায় না বরং তার ভেতরের জয়ের ক্ষুধা দিয়ে তাকে চেনা যায়। ক্রিস্টিয়ানো যা-ই জিতুক না কেন, ঠিক তার পরের দিনই নিজেকে আরও উন্নত করার একইরকম ক্ষুধা তার মধ্যে দেখা যায়।' তিনি আরও যোগ করেন, 'আমি এমন অনেক খেলোয়াড়ের সাথে কাজ করেছি যারা চ্যাম্পিয়ন্স লিগ বা ব্যালন ডি'অর জেতার পরদিনই ফুটবলার হিসেবে তাদের সেই ক্ষুধা হারিয়ে ফেলেছে। কিন্তু রোনালদোর ক্ষেত্রে আমরা যা দেখছি, তা সম্পূর্ণ ভিন্ন মানসিকতার এক উদাহরণ।' আরও পড়ুন: আলভারেজকে দলে টানতে বার্সার বড় অঙ্কের প্রস্তাব 'আমার বিশ্বাস, এই লক্ষ্যটি ধরে রাখতে পারাই তার দীর্ঘ ক্যারিয়ারের মূল চাবিকাঠি। অবশ্যই এখানে জিনগত একটি বিষয় রয়েছে, রয়েছে তার কঠোর পরিশ্রমও—যা তার শরীরকে ফিট রাখতে সাহায্য করে এবং এর পাশাপাশি রয়েছে তার প্রবল মানসিকতা।' ২০০৩ সালে পর্তুগাল জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত ২২৬ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রোনালদো। দেশের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন তার। শুধু তাই নয়, সর্বোচ্চ (১৪৩) গোলের রেকর্ডও এখন রোনালদোর দখলে। এছাড়া বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডও রয়েছে তার।

Go to News Site