Collector
ফরিদপুরে সম্পত্তি নিয়ে বিরোধ, ভাতিজাদের হামলায় বৃদ্ধ নিহত | Collector
ফরিদপুরে সম্পত্তি নিয়ে বিরোধ, ভাতিজাদের হামলায় বৃদ্ধ নিহত
Jagonews24

ফরিদপুরে সম্পত্তি নিয়ে বিরোধ, ভাতিজাদের হামলায় বৃদ্ধ নিহত

ফরিদপুরের সদরপুরে পৈত্রিক সম্পত্তি ও গাছ কাটা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের কাজীডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কাজী সিরাজুল ইসলাম (৬২)। আহত মো. কাজী মাসুদ রানা (৩৬) সদরপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চর চাঁদপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি ও গাছ কাটা নিয়ে কাজী পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে কাজী সুমন (৪২) ও কাজী তুষার (৩৮) ধারালো অস্ত্র নিয়ে কাজী মাসুদ রানা ও কাজী সিরাজুল ইসলামের ওপর হামলা চালান। পরে আশপাশের লোকজন মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কাজী সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনকেবিএন/একিউএফ

Go to News Site