Somoy TV
ভোলার বোরহানউদ্দিনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. মাইনুদ্দিন (৩৫) নামে এক নির্মাণশ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বজলু নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৯ মে) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোটপাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, মাইনুদ্দিনের বাবা নেছারউল্লাহর সঙ্গে প্রতিবেশী ফয়জুল্লাহদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে মাইনুদ্দিনকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। প্রাণ বাঁচাতে মাইনুদ্দিন পুকুরে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি। পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক মাইনুদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে দ্রুত সব আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। নিহতের বাবা নেছারউল্লাহর বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছিল। পরিকল্পনা করেই ছেলেকে হত্যা করা হয়েছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকায় নজরদারি বাড়ান। বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
Go to News Site