Jagonews24
পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনেও রাজধানীর নিউমার্কেটের পাইকারি মাছের বাজারে চিরচেনা ব্যস্ততা ফেরেনি। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ায় শহর এখন অনেকটাই ফাঁকা। এর প্রভাব রাজধানীর অন্যতম ব্যস্ত এই মাছের পাইকারি বাজারেও পড়েছে। সাধারণ দিনে কাক ডাকা ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত নিউমার্কেটের পোস্ট অফিস থেকে ফলপট্টি পর্যন্ত এলাকাটি মাছের আড়তদার, শ্রমিক ও ক্রেতাদের পদচারণায় মুখরিত থাকে। ট্রাক থেকে মাছ নামানো, বরফ ভাঙা এবং নিলাম ডাকার হইচইয়ে মুখর থাকে চারপাশ। কিন্তু আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টার দিকে সেই চিরচেনা দৃশ্য চোখে পড়েনি। নিউমার্কেট মুদি মার্কেট সংলগ্ন রাস্তায় হাতেগোনা মাত্র দুই-তিনজন আড়তদারকে মাছ বিক্রি করতে দেখা গেছে। পাইকারি ক্রেতাদের সংখ্যাও ছিল অত্যন্ত নগণ্য। বাজারের এমন স্থবিরতা নিয়ে আড়তদার আব্দুস সালাম জানান, ঢাকা শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় মাছ সরবরাহকারীরা এখনো ঈদ কাটিয়ে ঢাকায় ফেরেননি। তাদের অনুপস্থিতির কারণেই বাজারে আজ সরবরাহ ও ক্রেতা কম। তবে আগামী দু-তিন দিনের মধ্যেই বাজার তার স্বাভাবিক গতি ফিরে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। লালবাগ থানার নবাবগঞ্জের এক মাছ বিক্রেতার ম্যানেজার জানান, ঈদের পরের কয়েকদিন মাছের চাহিদা বেশি থাকে তাই মালিকের নির্দেশে অল্প কিছু রুই মাছ কিনতে তিনি বাজারে এসেছেন। এদিকে, ঈদের কয়েকদিন টানা কোরবানির গরুর মাংস খাওয়ার পর অনেকেরই মুখে এখন মাছের চাহিদার কথা শোনা যাচ্ছে। এলিফ্যান্ট রোড থেকে ইলিশ মাছ কিনতে আসা মোহাম্মদ আমির হোসেন বলেন, গত দুদিন গরুর মাংস খেয়েছি। এখন একটু হালকা মাছের ঝোলের কথা মনে পড়ছে তাই বাজারে এসেছি। আড়তদারদের আশা আগামী সপ্তাহের শুরু থেকেই নিউমার্কেটের এ মাছের বাজার আবার আগের মতো কর্মচাঞ্চল্যে ভরে উঠবে। এমইউ/এসএনআর
Go to News Site