Collector
ময়মনসিংহে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু | Collector
ময়মনসিংহে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
Jagonews24

ময়মনসিংহে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। শনিবার (৩০ মে) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া শিশুদের একজন কিশোরগঞ্জ জেলার চৌদ্দশত ইউনিয়নের গাবতলি বাজার এলাকার চার মাস বয়সী ছেলে শিশু। গত ২২ মে দিবাগত রাত দেড়টার দিকে তাকে মমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। হামের উপসর্গের পাশাপাশি শিশুটি নিউমোনিয়া, হৃদরোগজনিত জটিলতা ও মেনিনজাইটিসে আক্রান্ত ছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। অপরদিকে ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া এলাকার সাড়ে তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গত ২৫ মে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। হামের উপসর্গের পাশাপাশি সে মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮ শিশু আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ১১৬ শিশু। হাম পরিস্থিতি সম্পর্কে সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা জাগো নিউজকে বলেন, গত ১৭ মার্চ থেকে ৩০ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৭০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক হাজার ৫৪৯ শিশু। বর্তমানে আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। হোসাইন সুলভ/এনএইচআর/জেআইএম

Go to News Site