Somoy TV
সময়টা একদমই ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। কয়েকদিন আগেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ঘরে ফিরেছে দলটি। পিএসএলের আগে টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজও হেরেছে শাহিন শাহ আফ্রিদিরা। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, পেস বোলিং পাকিস্তানের শক্তির জায়গা হলেও এই দুই সিরিজে পেস সহায়ক উইকেটে খেলেই নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। ফলে দেশটির পেসারদের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সমালোচনার মুখে পেসারদের পক্ষে ঢাল হয়ে দাঁড়ালেন পাক ওয়ানডে কাপ্তান শাহিন আফ্রিদি।আজ (৩০ মে) থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে পাকিস্তানের। মাঠে নামার আগে গতকাল (২৯ মে) সংবাদ সম্মেলনে এসেছিলেন পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদি। এসময় দলের পেস বোলিং ডিপার্টমেন্টের অবনতি নিয়ে প্রশ্ন উঠলে উত্তরে শাহিন জানান, পেস বোলারদের ভালোভাবে নিয়ন্ত্রণ করার বিষয় থাকে। সেটা না করায়, অতিরিক্ত ওয়ার্কলোড এবং ক্লান্তিতে বোলাররা ভালো করতে পারছে না। এ প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শাহিন বলেন, 'একটা মেশিন যখন অনবরত চলতে থাকে, তখন সেটিরও রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। আমাদের কিছু বোলার টানা প্রচুর ক্রিকেট খেলেছে। একজন খেলোয়াড় যখন সতেজ এবং পর্যাপ্ত বিশ্রামে থাকে, স্বাভাবিকভাবেই সে বেশি তীব্রতা নিয়ে বল করতে পারে।' তিনি আরও বলেন, 'পাকিস্তানের ফাস্ট বোলাররা দেশের জন্য সবসময় সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত। আমরা সবাই কীভাবে গতি আবার বাড়ানো যায় তা নিয়ে ভাবছি। কোচ এবং ম্যানেজমেন্টও এটি নিয়ে কাজ করছে।' এসময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ঠাট্টার ছলে শাহীন আরও বলেন, 'আপনি যদি ব্যক্তিগতভাবে আমার কথা জিজ্ঞেস করেন, আমি আপনার জন্য ২০০ কিমি গতিতে বল করার চেষ্টা করব।' আরও পড়ুন: অবসরে যাচ্ছেন ‘চাচা ক্রিকেট’ দীর্ঘদিন পর ওয়ানডে ফরম্যাটে ফেরা প্রসঙ্গে শাহিন বলেন, 'মাঝখানে ওয়ানডে ক্রিকেট নিয়মিত খেলা হয়নি। এই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে, ছন্দ ফিরে পেতে এবং সঠিক প্রস্তুতির জন্য এই ক্যাম্পটি (সিরিজের আগে ক্যাম্প) সবার জন্য গুরুত্বপূর্ণ ছিল। অনুশীলন সেশনগুলো খুব ভালো হয়েছে এবং আমরা দারুণ পারফর্ম করার ব্যাপারে আশাবাদী।' এই সিরিজের মধ্যদিয়ে ওয়ানডে দলে ফিরছেন তারকা ব্যাটার বাবর আজম। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকা বাবরকে দলের 'মেরুদণ্ড' আখ্যা দিয়ে শাহিন বলেন, 'বাবর দীর্ঘদিন ধরে আমাদের মিডল অর্ডারের মূল ভিত্তি। ও পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) দুর্দান্ত ফর্মে ছিল এবং শেষ টেস্টেও ভালো খেলেছে। আমরা আশা করি ও এই ফর্ম ওয়ানডে সিরিজেও ধরে রাখবে এবং পাকিস্তানকে ম্যাচ জেতাবে।'
Go to News Site