Collector
ব্রাজিলের ১৯ বছরের তরুণের কাছে হেরে বিদায় জোকোভিচের | Collector
ব্রাজিলের ১৯ বছরের তরুণের কাছে হেরে বিদায় জোকোভিচের
Jagonews24

ব্রাজিলের ১৯ বছরের তরুণের কাছে হেরে বিদায় জোকোভিচের

ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককে এবার নতুন চ্যাম্পিয়ন দেখা যাবে। একদিন আগে বিদায় নিয়েছিলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার। শুক্রবার রোলাঁ গারোঁ থেকে বিদায় নিলেন নোভাক জোকোভিচও। ব্রাজিলের ১৯ বছর বয়সী তরুণ হোয়াও ফনসেকা তৃতীয় রাউন্ডে ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জোকোভিচকে ৪-৬, ৪-৬, ৬-৩, ৭-৫, ৭-৫ ব্যবধানে হারিয়ে বড় চমক দেখান। এর আগে বৃহস্পতিবার গত বছরের রানার্সআপ সিনার ৫৬তম র‍্যাঙ্কধারী হুয়ান ম্যানুয়েল সেরুনডোলোর কাছে অপ্রত্যাশিতভাবে হেরে বিদায় নেন। যেটি ছিল আরও বড় আপসেট। জোকোভিচকে হারানোর পর ফনসেকা বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট পর আমি একটু উপলব্ধি করতে পেরেছিলাম আমি কী করেছি, কী অর্জন করেছি। এটা কতটা কঠিন এবং আমার জন্য কতটা অসাধারণ একটি অর্জন!’ জোকোভিচের রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নও এখানেই শেষ হয়ে গেল। এটি ছিল মাত্র দ্বিতীয়বার, যখন তিনি দুই সেট এগিয়ে থেকেও কোনো ম্যাচ হেরেছেন। প্রথমবার এমনটি ঘটেছিল ২০১০ সালে প্যারিসেই। এছাড়া দানিল মেদভেদেভ, মার্টিন সিলিক এবং স্ট্যান ওয়ারিঙ্কাও ইতোমধ্যে বিদায় নিয়েছেন। ফলে নিশ্চিত হয়েছে, ফরাসি ওপেন এবার নতুন চ্যাম্পিয়ন পাবে। ৭ জুন কোর্ট ফিলিপ-চাত্রিয়েরের কপ ডি মসকুইটাইরেসে হবে ফাইনাল ম্যাচটি। ব্রাজিলিয় তরুণ ফনসেকা ফাইনাল জয়ের ব্যাপারে ভীষণ আশাবাদী। ম্যাচ শেষে বলেন, ‘অবশ্যই সিনার এবং জোকোভিচ ছিটকে যাওয়ায় এখন সুযোগ আরও বেড়েছে।’ এদিকে ৩৯ বছর বয়সী জোকোভিচ সন্ধ্যার ঠান্ডা আবহাওয়ায় ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েন। তিনি বলেন, ‘এভাবে হারাটা আমার জন্য খুবই কঠিন। ম্যাচের শেষ দিকে আমি প্রায় দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না।’ শেষ গেমে জোকোভিচের ৬-৬ সমতায় ফেরার জন্য একটি ব্রেক পয়েন্ট ছিল। কিন্তু ফনসেকা টানা তিনটি এস সার্ভ করে ম্যাচ জিতে নেন এবং গ্র্যান্ড স্ল্যামে জোকোভিচকে হারানো প্রথম কিশোর খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েন। ফনসেকা বলেন, ‘আমি শুধু কোর্টে থাকার মুহূর্তটা উপভোগ করেছি। তার বিপক্ষে এটাই আমার প্রথম ম্যাচ। আমরা এখনও ভাবি তিনি যেন ২০ বছর বয়সী। ম্যাচের শেষে আমার মনে হয়েছে তিনি আমার চেয়েও বেশি ফিট ছিলেন, যা সত্যিই অবিশ্বাস্য।’ জয়ের পর ফনসেকা গ্যালারিতে উপস্থিত নিজের মাকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং ম্যাচ দেখতে আসা সব ব্রাজিলিয়ান সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমএমআর

Go to News Site