Jagonews24
দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৩ জনে। শনিবার (৩০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৯ মে) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে ৯০ জন এবং একই সময়ে সন্দেহভাজন হামে ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৯৬ জনে। এছাড়া সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৬১২ জন। অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ের মধ্যে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৭০৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ হাজার ৫০ জন। বিভাগভিত্তিক হিসাবে নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়— ৫৪ জন। এরপর বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে তিনজন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুইজন করে মৃত্যুর ঘটনা ঘটেছে। এমএএইচ
Go to News Site