Somoy TV
বিএনপিতে ভূমিদস্যু বা চাঁদাবাজ নেই মন্তব্য করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, দলের নেতাকর্মীদের বড় অলংকার হলো সততা।শনিবার (৩০ মে) দুপুরে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ভূমিমন্ত্রী বলেন, ‘আমাদের দলে ভূমিদস্যু নেই। দলে কোনো চাঁদাবাজ, কোনো বালু বাবার স্থান নেই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন সৎ৷ আমরা তার অনুসরণকারী।’ আরও পড়ুন: রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রীড়া আসরের উদ্যোগ নেয়া হচ্ছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, বিএনপির নেতাকর্মীদের বড় অলংকার হলো সততা। আওয়ামী লীগের অত্যাচার-নিপীড়নে গৃহহীন হয়ে মাসের পর মাস কাটিয়েছেন অনেকে। বহু নেতাকর্মী জেলে ছিলেন। তাই দলের অভ্যন্তরীণ সব ভেদাভেদ ভুলে জাতির প্রত্যাশা পূরণে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ‘আমরা ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা অর্জন করিনি। আমরা ত্যাগ স্বীকার করে জীবন দিয়ে স্বাধীনতা পেয়েছি’, যোগ করেন তিনি। আরও পড়ুন: ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে: ভূমিমন্ত্রী নগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের সাংসদ আবু সাঈদ চাঁদ, বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য এবং ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন এবং রাজশাহী-৫ আসনের সাংসদ নজরুল ইসলাম মণ্ডল।
Go to News Site