Collector
মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে আটক তারকা ফুটবলার | Collector
মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে আটক তারকা ফুটবলার
Jagonews24

মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে আটক তারকা ফুটবলার

ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ফুটবলার রহিম স্টার্লিংকে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ডাচ ক্লাব ফেয়েনুর্দের হয়ে খেলা ৩১ বছর বয়সী স্টার্লিং বৃহস্পতিবার নিজের ল্যাম্বরগিনি গাড়ি নিয়ে ইংল্যান্ডের এম৩ মোটরওয়েতে দুর্ঘটনার শিকার হন। স্থানীয় সময় সকাল ৯টার দিকে পুলিশ তাকে আটক করে। হ্যাম্পশায়ার পুলিশ এক বিবৃতিতে জানায়, মিনলি ইন্টারচেঞ্জের কাছে দক্ষিণমুখী এম৩ মহাসড়কে একটি ল্যাম্বরগিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ব্যারিয়ারে ধাক্কা দেয়। দুর্ঘটনায় অন্য কোনো যানবাহন জড়িত ছিল না এবং কেউ আহতও হয়নি। পুলিশ আরও জানায়, ওই ব্যক্তিকে মাদকের প্রভাবে গাড়ি চালানো, বেপরোয়া ড্রাইভিং, ক্লাস-সি মাদক রাখার অভিযোগ এবং নমুনা দিতে ব্যর্থ হওয়ার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলমান থাকায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে স্টার্লিংয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জোর দিয়ে বলেছে যে তাকে এখনো শুধু সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে দোষী হিসেবে বিবেচনা করা যাবে না। এমএমআর

Go to News Site