Jagonews24
সুনামগঞ্জের তাহিরপুরের পাটলাই নদীতে পর্যটকবাহী নৌযান থেকে পড়ে তামিম (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ তামিম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গৌল্লা গ্রামের মজিবুর রহমানের ছেলে। শনিবার (৩০ মে) দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারের পাশে পাটলাই নদীতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার (২৯ মে) সকালে ধর্মপাশা উপজেলা থেকে বিভিন্ন বয়সের ৫০-৬০ পর্যটক নিয়ে মা-বাবার দোয়া নামের একটি নৌযান টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় ভ্রমণে যায়। দলটি ট্যাকের ঘাটের নিলাদ্রী লেক এলাকায় অবস্থান করে রাত যাপন করে। শনিবার দুপুরে ফেরার পথে শ্রীপুর বাজার সংলগ্ন পাটলাই নদীতে চলন্ত নৌযান থেকে নদীতে পড়ে যায় তামিম। এসময় তাকে উদ্ধারের চেষ্টা করেন নৌযানের যাত্রী ও স্থানীয়রা। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাওয়া যায়নি। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পর্যটকবাহী নৌযান থেকে নদীতে পড়ে তামিম নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। লিপসন আহমেদ/এএইচ/এমএস
Go to News Site