Collector
দুইদিনে ১৩০০ টন বর্জ্য অপসারণ সিসিকের | Collector
দুইদিনে ১৩০০ টন বর্জ্য অপসারণ সিসিকের
Jagonews24

দুইদিনে ১৩০০ টন বর্জ্য অপসারণ সিসিকের

পূর্বঘোষিত প্রতিশ্রুতি রক্ষা করে পশু কোরবানির পর মাত্র ৮ ঘণ্টার মধ্যেই সিলেট নগরীকে বর্জ্যমুক্ত করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সিসিকের পরিচ্ছন্নতা শাখার কর্মীদের নিরলস পরিশ্রমে ঈদের দিন বিকেল ৬টার মধ্যেই নগরের সব ওয়ার্ডের বর্জ্য অপসারণ করা হয়েছে। শনিবার (৩০ মে) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ কথা বলেন। তিনি জানান, দুই দিনে ১৩০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। তিনি আরও জানান, ঈদ ও ঈদের পরদিন মিলিয়ে দুই দিনে সিলেট নগরীতে প্রায় ২৫ হাজার পশু কোরবানি হয়েছে। কোরবানির বর্জ্যের পাশাপাশি নগরের একটি স্থায়ী ও পাঁচটি অস্থায়ী এবং বিভিন্ন স্থানে অবৈধভাবে বসানো অনেকগুলো পশুর হাটের বর্জ্যও অপসারণ করতে হয়েছে। সব মিলিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা রেকর্ড সময়ে নগরী থেকে কমপক্ষে ১৩০০ টন বর্জ্য অপসারণ করেছেন। তিনি বলেন, কোরবানিদাতাদের তালিকা তৈরি করে সিসিকের নিজস্ব উদ্যোগে প্রায় ৩০ হাজার পরিবেশবান্ধব পলিব্যাগ এবং জীবাণু ও দুর্গন্ধ ছড়ানো রোধে পাঁচ টন ব্লিচিং পাউডার ও তরল জীবাণুনাশক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া নাগরিকদের তাৎক্ষণিক যোগাযোগের জন্য সার্বক্ষণিক চালু ছিল বিশেষ হটলাইন নম্বর। মতবিনিময় সভায় সিসিক প্রশাসক বর্জ্য অপসারণ কার্যক্রম সফল হওয়ায় নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্ধারিত স্থানে কোরবানি দিয়ে এবং বর্জ্য ব্যাগে ভরে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিয়ে নগরবাসী যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।\' সভায় সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীনসহ সিসিকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আহমেদ জামিল/এএইচ/এমএস

Go to News Site