Collector
আসন খালি নিয়ে ফিরছে দূরপাল্লার বাস, গাবতলীতে নেই ফিরতি মানুষের চাপ | Collector
আসন খালি নিয়ে ফিরছে দূরপাল্লার বাস, গাবতলীতে নেই ফিরতি মানুষের চাপ
Jagonews24

আসন খালি নিয়ে ফিরছে দূরপাল্লার বাস, গাবতলীতে নেই ফিরতি মানুষের চাপ

দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তৃতীয় দিন আজ শনিবার (৩০ মে)। ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটিতে রাজধানী ছেড়ে গেছে লাখো মানুষ। সরকার নির্ধারিত টানা ছুটি শেষ হতে চললেও আসন ফাঁকা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসছে দূরপাল্লার পরিবহন। এতে গাবতলী বাস টার্মিনাল এলাকায় ঈদ উদযাপন শেষে ফিরতি মানুষের চাপ নেই বললেই চলে। শনিবার সন্ধ্যার আগে গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে গাবতলী এলাকায় দেখা যায়, কিছুক্ষণ পর পর দু-একটি করে দূরপাল্লার পরিবহন আসলেও সেগুলোতে যাত্রীর উপস্থিতি নেই বললেই চলে। হাতেগোনা কিছু যাত্রী গাড়ি থেকে নেমে আসতে দেখা যায়। সাতক্ষীরা শ্যামনগর থেকে ছেড়ে আসা মাস্টার্স ট্রাভেলসের সুপার ভাইজার বাপ্পি বলেন, আমাদের রুটে মোটামুটি যাত্রীর চাপ ছিল আজ। তবে প্রতিটা গাড়িতেই সিট খালি আসছে। আগামীকাল (৩১ মে) থেকে হবে মেইন চাপ। কোনো গাড়িতে আসন পাওয়া যাবে না। ৪১ সিটের গাড়ি, যাত্রী আসবে ৪৫ জন। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রোজিনা পরিবহনের চালকের সহকারী বলেন, আজ যাত্রী নেই। গাড়িতে ৮-১০ জনের বেশি যাত্রী নেই। কাল থেকে মানুষ ঢাকা ঢোকা শুরু করবে। কোনো গাড়িতে সিট ফাঁকা থাকবে না। গাবতলী কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে একটি দূরপাল্লার বাস/ছবি: জাগো নিউজ রাজবাড়ি থেকে ঢাকা এসেছেন মৃনাল। তিনি বলেন, আজ কাউন্টারে এসেই টিকিট পেয়েছিলাম। গাড়িতে যাত্রীও সেরকম ছিল না। ফাঁকা গাড়িতে চলে আসতে পেরেছি। রাজশাহী থেকে গাবতলীতে এসেছেন আসাদ। তিনি বলেন, অফিস পরশু থেকে শুরু হবে। আগামীকাল আসার ইচ্ছা ছিল। কিন্তু আগামীকালের কোনো টিকিট পাইনি, তাই আজই চলে আসতে হয়েছে। আজ গাড়ি ফাঁকাই ছিল। রাস্তায়ও কোনো দুর্ভোগ ছিল না। এদিকে গত বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছে লাখো মানুষ। ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত ছিল। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেয়েছেন। ফলে এখনো ফিরতি যাত্রীর চাপ বাড়েনি রাজধানীর গাবতলী এলাকায়। কেআর/এমএমকে

Go to News Site