Collector
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা, ছাত্রদল নেতা আব্দুর রহিমকে অব্যাহতি | Collector
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা, ছাত্রদল নেতা আব্দুর রহিমকে অব্যাহতি
Jagonews24

এসএসএফ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা, ছাত্রদল নেতা আব্দুর রহিমকে অব্যাহতি

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন দেন। এর আগে শনিবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর বহর জিয়া উদ্যান ত্যাগ করার সময় তার প্রটোকল ও নিরাপত্তা টিমের সদস্যদের সঙ্গে ছাত্রদল নেতা আব্দুর রহিম ভূঁইয়ার বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াসহ কয়েকজন নেতাকর্মী প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্যদের উদ্দেশে উত্তেজিত আচরণ করছেন। এ সময় তাদের মধ্যে কয়েকজনকে অশালীন ভাষা ব্যবহার করতেও শোনা যায়। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী নিরাপত্তা টিমের গাড়ির দিকে তেড়ে গেলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। দলের অনেক নেতাকর্মী প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধরনের শৃঙ্খলাভঙ্গ বা অসদাচরণের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে আব্দুর রহিম ভূঁইয়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী জিয়া উদ্যান ত্যাগ করার সময় নিরাপত্তা টিমের এক সদস্য তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে তিনি উঠে ঘটনার কারণ জানার চেষ্টা করেন। তিনি বলেন, কাউকে গালিগালাজ করা বা ইচ্ছাকৃতভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার সঙ্গে তিনি জড়িত ছিলেন না। ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্দুর রহিম ভূঁইয়াকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিকে, তার বহিষ্কারের ফলে শূন্য হওয়া পদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রফিকুল ইসলাম রফিক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। কেএইচ/এমএএইচ/

Go to News Site