Collector
পিএসজিকে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে জিদান-গার্দিওলার পাশে এনরিকে | Collector
পিএসজিকে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে জিদান-গার্দিওলার পাশে এনরিকে
Somoy TV

পিএসজিকে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে জিদান-গার্দিওলার পাশে এনরিকে

টানা দ্বিতীয়বারের মতো ইউরোপসেরা হলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গত রাতে (৩০ মে) বুদাপেস্টের ফেরেঙ্ক পুসকাস অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়েছে পিএসজি। ফরাসি জায়ান্টদের টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে কোচ লুইস এনরিকে এমন এক কীর্তি গড়েছেন, যা ফুটবল ইতিহাসে মাত্র হাতে গোনা কয়েকজন কোচই করে দেখাতে পেরেছেন।বহু বছর ধরে ইউরোপের সেরা হওয়ার স্বপ্ন দেখেছে পিএসজি। সেই লক্ষ্য পূরণে ক্লাবটি দলে ভিড়িয়েছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকাদের। এসেছিলেন জলাতান ইব্রাহিমোভিচ, পরে একে একে যোগ দিয়েছিলেন নেইমার আর লিওনেল মেসি। আর ফ্রান্সের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে তো হয়ে উঠেছিলেন পুরো প্রকল্পের মুখ।তবে ফরাসি ফুটবলে আধিপত্য বিস্তার করলেও এবং বিলিয়ন বিলিয়ন ইউরো খরচ করেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ছিল পিএসজির নাগালের বাইরে। আরও পড়ুন: চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতল পিএসজিঅবশেষে ২০২৫ সালে সেই অপেক্ষার অবসান ঘটে। আর এক বছর পর, চলতি বছর পিএসজি আরও বড় ইতিহাস গড়ল । চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে তারা টানা দ্বিতীয়বার ইউরোপসেরা হলো। এর মাধ্যমে পিএসজি আধুনিক ফুটবলের অন্যতম সফল ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে শিরোপা সফলভাবে ধরে রাখতে পারা অল্প কয়েকটি ক্লাবের তালিকাতেও জায়গা করে নিল তারা।এই সাফল্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন লুইস এনরিকে।পিএসজির সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মাধ্যমে লুইস এনরিকে নিজের উত্তরাধিকারকে আরও সমৃদ্ধ করেছেন। তিনি আগেই ২০১৫ সালে বার্সেলোনার কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। তখন তার দলে ছিলেন মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের মতো তারকারা, আর সেই মৌসুমে বার্সেলোনা জিতেছিল ঐতিহাসিক ট্রেবলও।এক দশকের বেশি সময় পর, প্যারিসে এসে গত মৌসুমে সেই কীর্তির পুনরাবৃত্তি করেন তিনি। তাতে চ্যাম্পিয়ন্স লিগে একাধিক ক্লাবের হয়ে শিরোপা জেতা কোচদের তালিকায় নাম লিখিয়েছিলেন তিনি। যেই তালিকায় আছেন কার্লো আনচেলত্তি, পেপ গার্দিওলা, জোসে মরিনিয়ো, অটোমার হিজফিল্ড এবং ইয়ুপ হেইঙ্কেসের মতো কিংবদন্তি কোচরা। এবার আবারও ইউরোপসেরার মুকুট জিতলেন এই স্প্যানিশ কোচ। ফলে তিনি এখন ফুটবলের সবচেয়ে সম্মানিত কোচদের বিশেষ আরেক তালিকায় জায়গা করে নিলেন। আরও পড়ুন: পিএসজির আগ্রাসন নাকি আর্সেনালের শৃঙ্খলা, ইউরোপের মুকুট কার মাথায়?চ্যাম্পিয়ন্স লিগের দীর্ঘ ইতিহাসে এনরিকেই মাত্র পঞ্চম কোচ যিনি তিন বা ততোধিক শিরোপা জিতেছেন। এই তালিকায় আগে থেকেই ছিলেন–বব পেইসলি (৩বার), জিনেদিন জিদান (৩বার), পেপ গার্দিওলা (৩বার) ও কার্লো আনচেলত্তি (রেকর্ড ৫বার)। এবার এই এলিট তালিকায় নাম লেখালেন এনরিকে। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, ১০ বছরেরও বেশি ব্যবধানে সম্পূর্ণ ভিন্ন দুটি প্রকল্প গড়ে তুলে তিনি একাধিক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। যা তার কৌশলগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং দীর্ঘমেয়াদি সাফল্য ধরে রাখার সামর্থ্যের বড় প্রমাণ।

Go to News Site