Jagonews24
পবিত্র ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাজেকসহ রাঙ্গামাটির পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা রাঙ্গামাটির দর্শনীয় জায়গায়গুলো ঘুরে বেড়াচ্ছেন। আবার অনেকে ইঞ্জিনচালিত বোটে করে কাপ্তাই হ্রদে ছুটে চলেছেন। শনিবার (৩০ মে) বিকেলে রাঙ্গামাটির পর্যটন হলিডে কমপ্লেক্স ঝুলন্ত সেতুতে গিয়ে দেখা যায়, সেতুতে পর্যটকদের ভিড়। এসময় পর্যটকদের সেতুতে ছবি তুলছে দেখা যায়। ঝুলন্ত সেতুর পাশ থেকে ট্যুরিস্ট বোট ভাড়া করে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। এছাড়া ঝুলন্ত সেতু ছাড়াও পলওয়েল পার্ক, ডিসি বাংলো, রাঙাদ্বীপ, আসামবস্তি ব্রিজ, আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়ক ছাড়াও কাপ্তাই লেক কেন্দ্রিক রিসোর্ট কটেজগুলোতেও পর্যটকরা ভ্রমণ করছেন। দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতেও পর্যটকদের ভিড় বেড়েছে। ফেনী থেকে বেড়াতে আসা খোরশেদ আলম, সোহেল রানা ও হাবিব বলেন, বন্ধুরা মিলে প্রথমবার রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে ঘুরতে এসেছি। ঝুলন্ত সেতুর ছবি আগে ফেসবুকে দেখতাম এখন নিজের চোখে দেখতে পেরে অনেক ভালো লাগছে। রাঙ্গামাটির প্রকৃতি অনেক সুন্দর। ঢাকা থেকে আসা খালেদ মাহমুদ বলেন, আমি এর আগেও একবার রাঙ্গামাটি এসেছি বর্ষার সময়, তখন লেকে পানি ছিল। এখন লেকে পানি কমে গেছে, তারপরও সুন্দর লাগছে সবকিছু। এক পাশে লেক আরেক পাশে পাহাড়। সারাদিন বোটে লেকে ঘুরাঘুরি করে ঝুলন্ত সেতু দেখতে এসেছি। পর্যটন বোট ঘাট কাউন্টারের লাইনম্যান ফখরুল ইসলাম বলেন, আমাদের বর্তমানে ৪০টির মতো ট্যুরিস্ট বোট লেকে চলাচল করছে। এর মধ্যে গত দুই দিনের তুলনায় আজকে সারা দিন ২০ হতে ২৫ টি মতো বোট ভাড়া হয়েছে। আজকে তৃতীয় দিনে ভালো পর্যটক এসেছে। রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবপস্থাপক অলোক বিকাশ চাকমা জাগে নিউজকে বলেন, ঈদের তৃতীয় দিনে প্রায় সাড়ে ৩ হাজার পর্যটক ঝুলন্ত সেতুতে ভ্রমণ করেছেন। ঈদের দ্বিতীয় দিনে ১ হাজার ৮০০ জন পর্যটক ভ্রমণ করেছিলেন। গত দুই দিনের তুলনায় আজ (শনিবার) পর্যটকদের সংখ্যা বেশি। এছাড়া আমাদের হোটেলে প্রায় ৬০ শতাংশ বুকিং রয়েছে জুনের ০১ তারিখ পর্যন্ত। এদিকে ঈদের ছুটিকে কেন্দ্র করে রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের ভিড় বেড়েছে। ঈদের তৃতীয় দিনে সাজেক ভ্যালিতে প্রায় সাড়ে ৩ হাজার পর্যটক ভ্রমণ করেছে বলে জানিয়েছে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেব বর্মণ জাগো নিউজকে বলেন, গত দুই দিনের তুলনায় আজ সাজেকের শতভাগ রিসোর্ট কটেজ বুক হয়েছে। প্রায় সাড়ে তিন হাজার পর্যটক এসেছে। আমাদের বর্তমানে ১২৫টি রিসোর্ট কটেজ রয়েছে যা সবগুলো বুকড। আবু দারদা খান আরমান/এফএ/জেআইএম
Go to News Site