Somoy TV
পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে বুদাপেস্টের ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে দল যখন ঐতিহাসিক জয়ের আনন্দ উদযাপন করছিল, তখন প্যারিসে সেই উৎসবের রং ম্লান করে দেয় সহিংসতা, অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ।শনিবার (৩০ মে) বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ১-১ সমতা থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় পিএসজি। কিন্তু ম্যাচ শেষে ফ্রান্সের রাজধানী প্যারিসে জয় উদযাপনকে ঘিরে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা দেখা দেয়। আগুন জ্বালানো, আতশবাজি ফোটানো এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৩০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়।ফাইনাল দেখার জন্য প্যারিসজুড়ে হাজার হাজার সমর্থক জড়ো হয়েছিলেন। শুধু পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামেই বড় পর্দায় ম্যাচ উপভোগ করেন ৪০ হাজারের বেশি দর্শক। অধিকাংশ জায়গায় উদযাপন শান্তিপূর্ণ থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিছু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।টেলিভিশন ফুটেজে দেখা যায়, শঁজেলিজে অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে সমর্থকেরা আতশবাজি ও ফ্লেয়ার জ্বালাচ্ছেন। কয়েকটি এলাকায় ভিড় নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। পার্ক দে প্রিন্সেসের আশপাশসহ শহরের আরও কিছু স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া যায়। স্থানীয় সময় রাত ১১টার মধ্যে ১৩০ জনের বেশি ব্যক্তিকে আটক করে পুলিশ। কয়েকটি গাড়ি ও দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়। আরও পড়ুন: পিএসজিকে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে জিদান-গার্দিওলার পাশে এনরিকেএক বছর আগে পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরও একই ধরনের অস্থিরতা দেখা গিয়েছিল। তাই এবার সম্ভাব্য বিশৃঙ্খলার কথা মাথায় রেখে দেশজুড়ে প্রায় ২২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছিল ফরাসি কর্তৃপক্ষ।ফাইনালে পিএসজির শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল না। ম্যাচের ষষ্ঠ মিনিটেই কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। জার্মান ফরোয়ার্ড জোরালো শটে গোলরক্ষক মাতভেই সাফোনভকে পরাস্ত করে এগিয়ে দেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের।দীর্ঘ সময় ধরে শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগের মাধ্যমে পিএসজিকে আটকে রাখে আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি এসে সমতায় ফেরে ফরাসি চ্যাম্পিয়নরা। ৬৫তম মিনিটে বক্সের ভেতরে খিচা কাভারাৎস্খেলিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান উসমান দেম্বেলে।অতিরিক্ত সময়েও কোনো দলই জয়সূচক গোল খুঁজে না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আরও পড়ুন: চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতল পিএসজিশুটআউটে দুই দলই প্রথম চার শটের তিনটি করে জালে পাঠাতে সমর্থ হন। পিএসজির নুনো মেন্ডেস এবং আর্সেনালের এবেরেচি এজে মিস করেন। পিএসজির লুকাস বেরালদো পঞ্চম শট জালে পাঠিয়ে পিএসজিকে এগিয়ে দেন। আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালয়েস পঞ্চম শটটি নিতে আসেন। কিন্তু তার জোরাল শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ফলে জয় নিশ্চিত হয় পিএসজির।এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্ব দেখাল পিএসজি। কোচ লুইস এনরিকের অধীনে একসময়ের ‘ইউরোপীয় আন্ডারঅ্যাচিভার’ তকমা ঝেড়ে ফেলে এখন ইউরোপীয় ফুটবলের অন্যতম শক্তিধর দলে পরিণত হয়েছে প্যারিসের ক্লাবটি।তবে বুদাপেস্টে শিরোপা উল্লাসের রাতটি যেমন পিএসজির জন্য স্মরণীয় হয়ে থাকবে, তেমনি প্যারিসে ঘটে যাওয়া বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাগুলোও আলোচনায় থেকে যাবে।
Go to News Site