Collector
নাহিদ রানা মোহামেডানে, খেলবেন রূপগঞ্জের বিপক্ষে | Collector
নাহিদ রানা মোহামেডানে, খেলবেন রূপগঞ্জের বিপক্ষে
Jagonews24

নাহিদ রানা মোহামেডানে, খেলবেন রূপগঞ্জের বিপক্ষে

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জাতীয় দলের পেসার নাহিদ রানাকে দলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। পাকিস্তানের বিপক্ষে সিরিজের ব্যস্ততার কারণে এবারের ডিপিএলে শুরু থেকে খেলতে পারেননি এই ডানহাতি গতিতারকা। তবে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে তাকে দলে ভেড়াতে সক্ষম হয়েছে সাদা-কালো শিবির। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে নাহিদকে আবাহনী লিমিটেড থেকে দলে নিয়েছে মোহামেডান। গত মৌসুমে তিনি খেলেছিলেন আবাহনীর হয়ে। জাতীয় দলের দায়িত্ব শেষ করে এবার ডিপিএলে ফেরার সুযোগ তৈরি হওয়ায় তাকে দলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয় মোহামেডান। আগামীকাল (১ জুন) নাহিদের আনুষ্ঠানিক নিবন্ধন সম্পন্ন হবে। এরপর ২ জুন লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবেন তিনি। বর্তমানে সুপার লিগে সাত ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে তুলনামূলক ভালো অবস্থানে আছে মোহামেডান। অন্যদিকে সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ফলে দুই দলের মধ্যকার ম্যাচটি পয়েন্ট টেবিলের হিসেবে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা নাহিদের অন্তর্ভুক্তি মোহামেডানের বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগ করবে বলেই মনে করা হচ্ছে। সুপার লিগের লড়াইয়ে তার উপস্থিতি দলটির জন্য বড় প্রাপ্তি হতে পারে। এআরবি/আইএন

Go to News Site