Jagonews24
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে ২৮টি জাহাজ নিরাপদে চলাচল করেছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, এসব জাহাজের মধ্যে তেলবাহী ট্যাংকার, কনটেইনার জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজ অন্তর্ভুক্ত ছিল। সংস্থাটির দাবি, সব জাহাজই আইআরজিসি নৌবাহিনীর সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় প্রণালিটি অতিক্রম করেছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির বুদ্ধিবৃত্তিক (ইন্টেলিজেন্ট) নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে এবং তা দৃঢ়তা ও কর্তৃত্বের সঙ্গে পরিচালিত হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। এ কারণে এই জলপথের নিরাপত্তা ও চলাচল পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক বোফোর্ট দুর্গ দখলের দাবি করেছে ইসরায়েল। শনিবার (৩১ মে) ইসরায়েলি সামরিক বাহিনী ও প্রতিরক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে অবস্থিত ইউনেসকো স্বীকৃতি এই দুর্গটি দখলের মাধ্যমে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান অভিযানে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি লেবানন কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স ও এপি জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের কাছে অবস্থিত বোফোর্ট দুর্গে ইসরায়েলি বাহিনী প্রবেশ করেছে। পরে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান দুর্গের ওপর ইসরায়েলের পতাকা ও গোলানি ব্রিগেডের পতাকা ওড়ানোর ছবি প্রকাশ করে। সূত্র: আল-জাজিরা এমএসএম
Go to News Site