Somoy TV
কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রয়োজনে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতেই হবে। এ বিষয়ে প্রয়োজন হলে আমি প্রধানমন্ত্রী দফতর থেকে আপনাদের জন্য আদালতেও যেতে রাজি আছি। রোববার (৩১ মে) বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর মহিলা কলেজ মাঠে কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সুস্থ পরিবেশ অত্যন্ত জরুরি। আল্লাহ এবং দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি সুষ্ঠুভাবে পালন করবো। তিনি আরও বলেন, গুংইঙ্গাজুরি খালের পানি দেখে খুব মন খারাপ হয়েছে। পরিবেশ এমন হওয়ার কথা না। আমি স্বচক্ষে দেখলাম। এ সপ্তাহের মধ্যেই ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। তারা কোন মন্ত্রণালয়ের অধীনে, সেটি বিবেচ্য নয়। তাদের বর্জ্যে মানব পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা হতে দেয়া যায় না। আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ঘোষণার পর চাঁদপুরে ইপিজেড স্থাপনে প্রাথমিক উদ্যোগ পরিবেশ মন্ত্রী বলেন, শিল্পায়নের পাশাপাশি পরিবেশ রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। ইপিজেড যেমন দরকার, তেমনি সুষ্ঠু পরিবেশও দরকার যোগ করেন তিনি। খালের পানি দূষণমুক্ত রাখতে দায়িত্ব পালনের অঙ্গীকার করে তিনি বলেন, আমি যদি দায়িত্ব পালন না করি, তাহলে তো এ রাস্তা দিয়েই যাতায়াত করি, আপনারা আমার গাড়ি আটকে দিবেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। আরও পড়ুন: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় উত্তরা ইপিজেডকর্মীর মৃত্যু এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, কৃষকদলের সভাপতি মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা।
Go to News Site