Somoy TV
পিরোজপুর সদর উপজেলার বাদুড়া এলাকায় অবস্থিত বিএফডিসির পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে রোববার (৩১ মে) ভোররাতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ১০ থেকে ১২ সদস্যের একটি ডাকাত দল মাছের আড়তে হামলা চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা লুট করে এবং এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণের পর কুপিয়ে গুরুতর জখম করে। আহত আবুল হোসেন আকন মৎস্য আড়তের একজন ব্যবসায়ী।হামলার সময় মৎস্য আড়তের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, ভোররাতে ব্যবসায়ীরা মাছ বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রাত ৩টার কিছু আগে ৫ থেকে ৭টি মোটরসাইকেলে করে একদল ডাকাত আড়তে প্রবেশ করে। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে ডাকাতরা অস্ত্রের মুখে আড়তদার আবুল হোসেনকে আড়ত থেকে তুলে বাইরে নিয়ে যায়। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার শরীরে পাঁচটি কোপের চিহ্ন রয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতরা আতঙ্ক সৃষ্টি করতে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। একই সঙ্গে বিভিন্ন আড়তদার ও পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা লুট করে। এছাড়া অপহরণের পর আবুল হোসেনের মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে কিছু স্বর্ণালংকারও হাতিয়ে নেয় তারা। আরও পড়ুন: বাড়ি বাড়ি রক্তমাখা চিঠি দিয়ে ডাকাতির হুমকি, আতঙ্কে গ্রামবাসী পরে ডাকাতরা তাকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে পার্শ্ববর্তী গাজীপুর এলাকার একটি খালের পাশে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থল থেকে আধা কিলোমিটারের মধ্যে পুলিশের একটি স্থায়ী নৌ ফাঁড়ি থাকলেও ডাকাতির সময় কোনো পুলিশি সহায়তা পাওয়া যায়নি। গত কয়েক মাস ধরে শংকরপাশা ও পার্শ্ববর্তী পাড়েরহাট ইউনিয়নে ডাকাতদের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে। একের পর এক ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সর্বশেষ এই ঘটনার পর সেই আতঙ্ক আরও বেড়েছে। স্থানীয়দের অনেকেই আশঙ্কা করছেন, ডাকাত দল আবারও হামলা চালাতে পারে। এ কারণে নিরাপত্তার উদ্বেগে অনেকেই প্রকাশ্যে কথা বলতেও ভয় পাচ্ছেন। অন্যদিকে, বিএফডিসির পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক কৌশিক আহমেদ জানান, তিনি ছুটিতে থাকায় ঘটনার বিস্তারিত বিষয়ে অবগত নন। এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে মামলা গ্রহণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Go to News Site