Somoy TV
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় উদ্ধার হওয়া দুটি মরদেহের রহস্য উদঘাটন করেছে পুলিশ। মৃতের পরিবার ও স্থানীয়রা ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করলেও, দিনভর তদন্ত শেষে পুলিশ নিশ্চিত হয়েছে যে তারা সদ্য খনন করা একটি পুকুরের মধ্যে মূল্যবান পিলার খুঁজতে গিয়ে মাটি চাপা পড়ে মারা গেছেন।নিহত ২ জন হলেন উপজেলার আমড়াগাছিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ এবং মো. কালু মিয়ার ছেলে মো. সাগর। রোববার (৩১ মে) সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। দুইটি অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ও অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের উপস্থিতিতে জেলা পুলিশের বিভিন্ন গোয়েন্দা বিভাগ দিনভর তদন্ত চালায়। তদন্ত শেষে পুলিশ নিশ্চিত হয় যে, ঘটনাটি কোনো হত্যাকাণ্ড নয়। আরও পড়ুন: পিরোজপুরের এক এলাকা থেকে ২ মরদেহ উদ্ধার রাতে পিরোজপুরের পুলিশ সুপার জানান, মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া গ্রামে সদ্য খনন করা একটি পুকুরে ওই মৃত দুজনসহ আরও কয়েকজন মূল্যবান সীমানা পিলার পাওয়ার লোভে মাটি খুঁড়ছিলেন। এ সময় ওপর থেকে ভারী মাটি ভেঙে পড়লে চারজন নিচে চাপা পড়েন। সঙ্গে থাকা অন্যরা দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও আব্দুর রশিদ ও মো. সাগর মাটির নিচে চাপা পড়ে মারা যান। ঘটনার সময় সাগরের বাবা মো. কালু মিয়াও সেখানে উপস্থিত ছিলেন বলে তিনি নিজে পুলিশের কাছে স্বীকার করেছেন। পুলিশ সুপার জানান, মৃতের দুই পরিবার ও স্থানীয়রা প্রথমে এটিকে হত্যাকাণ্ড মনে করলেও মূলত এটি একটি দুর্ঘটনা। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
Go to News Site