Somoy TV
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে তারা। শিরোপা নির্ধারণী ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জিতিয়েছেন বিরাট কোহলি।রোববার (৩১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে আগে গুজরাট টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠায় আরসিবি। শুরুটা ভালো করতে পারেনি গুজরাট, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রান তোলে দলটি। লক্ষ্য তাড়ায় নেমে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে ঝড়ো সূচনা করেন কোহলি। চার-ছক্কায় দ্রুত রান তুলতে থাকে আরসিবি। ৫ম ওভারে ৬২ রানে আইয়ারকে ফিরিয়ে গুজরাটকে প্রথম ব্রেকথ্রু এনে দেন মোহাম্মদ সিরাজ। এরপর পাওয়ার প্লের শেষদিকে দেবদত্ত পাডিক্কালকে আউট করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন কাগিসো রাবাদা। আরও পড়ুন: হায়দরাবাদের বড় জয় ছাপিয়ে আইপিএলে আলোচনায় কোহলি-হেড দ্বন্দ্ব তবে অন্য প্রান্তে থিতু হয়ে যান কোহলি। রজত পাতিদারের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে রান তাড়াকে সহজ করে দেন তিনি। ৯ম ওভারে রশিদ খান পরপর আউট করেন পাতিদার ও ক্রুনাল পান্ডিয়াকে; ফলে কিছুটা চাপ তৈরি হয় ম্যাচে। টিম ডেভিডকে নিয়ে সেই চাপ দ্রুত সামলে নেন কোহলি। ২৪ রানে ডেভিড আউট হলেও ভাঙার আগে তাদের জুটি থেকে আসে ৪১ রান। তখনই ম্যাচ কার্যত আরসিবির নিয়ন্ত্রণে চলে যায়। শেষ পর্যন্ত ৪২ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কোহলি। দীর্ঘ সময় ধরে শক্তিশালী দল গড়েও প্রথম ১৭ আসরে শিরোপার স্বাদ পায়নি বেঙ্গালুরু। ২০২৫ সালে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম শিরোপা জয়ের পর এবার টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হলো দলটি। এর আগে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব আছে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের।
Go to News Site