Jagonews24
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় মনিকা আক্তার সোমা (১৪) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মে) সন্ধ্যায় ওই এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনিকা কুমিল্লার চান্দিনা উপজেলার জামিরাপাড়া এলাকার মো. জালালের মেয়ে। পরিবারের সঙ্গে তিনি কাজীর দেউড়ির ২ নম্বর গলির একটি বাসায় থাকতেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় মনিকা ঘুমানোর কথা বলে নিজের কক্ষে যান এবং দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় পার হলেও তিনি কোনো সাড়া না দেওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তার বাবা ও বাসার অন্য ভাড়াটিয়ারা দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। এসময় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মনিকাকে ঝুলতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।’ ওসি আরও বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এমআরএএইচ/এসআর
Go to News Site