Collector
৩ জুন থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট | Collector
৩ জুন থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
Jagonews24

৩ জুন থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আগামী ৩ জুন ভোর ৬টা থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। মৌলভীবাজারে হবিগঞ্জের বাস শ্রমিকদের হয়রানি, নির্যাতন ও লাইন বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, হবিগঞ্জ বাস মালিক সমিতির ৪৮টি বাস হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর-সিলেট রোডে ৫৩ বছর ধরে চলাচল করছে। কিন্তু ২০২৫ সালের অক্টোবর থেকে মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা হবিগঞ্জের বাস চলাচলে বাধা সৃষ্টি করছে। এতে দুই জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে তীব্র সংঘাত সৃষ্টি হয়। মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা শেরপুরে হবিগঞ্জের বাসগুলো আটক করে ভাঙচুর ও শ্রমিকদের বেধড়ক মারপিট করে। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে উভয়পক্ষের সঙ্গে বসে বিরোধ নিষ্পত্তি হয় এবং পূর্বের ন্যায় বাস চলাচলের সিদ্ধান্ত দেন। কিন্তু গত ১০ মে উক্ত সিদ্ধান্ত অমান্য করে মৌলভীবাজারে মালিক-শ্রমিকরা হবিগঞ্জের বাস আটক করে। এতে আবারও দুই জেলার মালিক শ্রমিকদের মধ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হয়। পরবর্তীতে প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক হলেও সংকট নিরসন না হওয়ায় আগামী ৩ জুন থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। ধর্মঘট চলাকালে জেলায় বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস, ট্রাকসহ সংগঠনের আওতায় যত পরিবহন রয়েছে সবগুলো চলাচল বন্ধ থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান, হবিগঞ্জ বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী, ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন খান প্রমুখ। সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস

Go to News Site