Somoy TV
আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেয়ার নামে অর্থ সংগ্রহকারী প্রতারক চক্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।সোমবার (১ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। এতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। তবে দেশের বিভিন্ন স্থানে একটি প্রতারক চক্র আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেয়ার নাম করে প্রতারণামূলক কার্যক্রম চালানোর চেষ্টা করছে বলে জানা গেছে। আরও পড়ুন: রাজস্ব আদায়ে বড় চাপের মুখে এনবিআর, শঙ্কায় উদ্যোক্তারা এনবিআর জানায়, স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় যারা চাকরি পাবেন, তাদেরও অর্থের বিনিময়ে চাকরি দেয়া হয়েছে; এমন মিথ্যা প্রচারণার মাধ্যমে প্রতারণা করাই এ চক্রের মূল উদ্দেশ্য। যেসব প্রার্থী নিজ অযোগ্যতার কারণে চাকরি পাবেন না, তাদের কারও কারও কাছ থেকে নেয়া অর্থ প্রতারক চক্রটি ফেরত দিতে পারে। তবে যারা নিয়মিত প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবেন, তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেয়া অর্থ এই চক্রটি আত্মসাৎ করবে। জনসচেতনতার উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, আয়কর বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি যোগ্য প্রার্থীদের নির্বাচন করবে। কাজেই আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেয়ার নামে অর্থ সংগ্রহকারী কোনো দুষ্ট চক্রের তথ্য পেলে তা সংশ্লিষ্ট কর কমিশনারের অফিসে অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে টেলিফোন নম্বর ০২-২২২২১৭৭৭৭ এবং ইমেইল pro@nbr.gov.bd-এ যোগাযোগ করা যাবে। এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেয়ার জন্য চাকরিপ্রার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
Go to News Site