Collector
আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করলো এনবিআর | Collector
আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করলো এনবিআর
Jagonews24

আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করলো এনবিআর

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী প্রতারকচক্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে যোগ্য প্রার্থীদেরই নির্বাচন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (১ জুন) এনবিআরের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন এলাকায় কিছু প্রতারকচক্র আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে নানা কৌশলে প্রতারণার অপচেষ্টা চালাচ্ছে বলে এনবিআর জানায়। সংস্থাটি জানায়, এসব চক্রের মূল উদ্দেশ্য হলো চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া। যারা নিজ যোগ্যতায় স্বাভাবিক প্রক্রিয়ায় চাকরি পাবেন, তাদেরও অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বলে মিথ্যা দাবি করে প্রতারণা করা হচ্ছে। আবার যেসব প্রার্থী যোগ্যতার অভাবে চাকরি পাবেন না, তাদের কারও কারও কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা করা হতে পারে। তবে, যারা স্বাভাবিক প্রক্রিয়ায় চাকরি পাবেন, তাদের কাছ থেকে নেওয়া অর্থ আর ফেরত দেওয়া হবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আয়কর বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি যোগ্য প্রার্থীদের নির্বাচন করবে। এ অবস্থায় আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী কোনো চক্রের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর কমিশনারের কার্যালয় অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তাকে অবহিত করার অনুরোধ জানিয়েছে এনবিআর। এছাড়া, চাকরিপ্রার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এসএম/এএমএ

Go to News Site