Jagonews24
ঈদুল আজহার ছুটি শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ কারণে সোমবার (১ জুন) সকাল থেকেই চাঁদপুর লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে। কেউ চাকরির প্রয়োজনে, কেউ ব্যবসা-বাণিজ্যের কাজে আবার কেউ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কারণে নিজ নিজ গন্তব্যে ফিরছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী লঞ্চ চলাচল করায় যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা যায়। ঘাটে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ, আনসার ও স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঢাকাগামী যাত্রী আবু মুসা বলেন, ঈদের ছুটি পরিবারের সঙ্গে খুব আনন্দে কেটেছে। কিন্তু জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরতে হচ্ছে। তাই ছুটি শেষ হওয়ার আগেই রওনা দিয়েছি। এবারের ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক ছিল। আরেক যাত্রী রফিকুল ইসলাম জানান, ঈদের সময় বাড়িতে কয়েকদিন কাটিয়ে মানসিকভাবে অনেকটা প্রশান্তি পেয়েছেন। এখন নতুন উদ্যমে কাজে যোগ দিতে ঢাকায় ফিরছি। লঞ্চে যাতায়াত তুলনামূলক আরামদায়ক হওয়ায় নৌপথকেই বেছে নিয়েছি। চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্নে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘাট এলাকায় সার্বক্ষণিক তদারকি চলছে। তিনি আরও বলেন, চাঁদপুর লঞ্চঘাটের পাশে একটি যৌথ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। শরীফুল ইসলাম/এএইচ/এমএস
Go to News Site