Collector
বর্জ্য অপসারণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক | Collector
বর্জ্য অপসারণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
Jagonews24

বর্জ্য অপসারণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

কোরবানির পশুর হাটে বর্জ্য অপসারণ শেষে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক খেলার মাঠ ও তৎসংলগ্ন সড়ক বিভাজকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।  সোমবার (১ জুন) কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণ শেষে তিনি এ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় ডিএনসিসি প্রশাসক বলেন, কোরবানির পশুর হাটের কারণে উত্তরার মেট্রোরেল এলাকার গাছপালার যে আংশিক ক্ষতি হয়েছিল, সেখানে নুতন করে গাছ লাগানো হয়েছে। সেখানে আগের চেয়ে আরও সুন্দর ও মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে। সরকার ও সিটি করপোরেশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এআই ছবি দিয়ে মেট্রোরেল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ডিএনসিসি প্রশাসক জানান , ক্লিন ও গ্রিন ঢাকা বাস্তবায়নে ঢাকা পলিটেকনিক খেলার মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উত্তর সিটির শিল্পাঞ্চলের প্রতিটি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। তিনি এ উদ্যোগের জন্য ঢাকা পলিটেকনিক পশুর হাটের ইজারাদার ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান। প্রশাসক বলেন, ঈদ পরবর্তী ৭২ ঘণ্টা শেষে ঢাকা উত্তর সিটির ইজারাকৃত পশুর হাটগুলোর বর্জ্য ও বাঁশের ফ্রেম অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি হাট পরিদর্শন শেষে লক্ষ্য করা গেছে, অনেকগুলো হাটের পশুর বর্জ্য ও বাঁশের ফ্রেম অপসারণ করা হয়েছে এবং বাকিগুলো অপসারণের কাজ চলমান রয়েছে। কোরবানির বর্জ্য অপসারণসহ নগর উন্নয়ন ও নগর পরিকল্পনায় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য প্রশাসক সাংবাদিকদের ধন্যবাদ জানান। তিনি জানান, কোরবানি পরবর্তী নগরবাসী ও সাংবাদিকদের সহযোগিতায় নগরের প্রতিটি অলিগলি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। প্রতিনিয়ত প্রতিদিনের গৃহস্থালির বর্জ্য অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন , ইজারাদাররা ঈদ পরবর্তী বর্জ্য ও বাঁশের ফ্রেম অপসারণের কাজ করছে। আমি নিজে প্রতিটি হাট পরিদর্শন করে এর প্রমাণ পেয়েছি। তারপরও যদি কোনো ইজারাদার কাজে গাফিলতি করেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এমএমএ/এমকেআর

Go to News Site