Jagonews24
নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে খুন হওয়া যুবক মাসুম বিল্লাহর (২৮) হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার (০১ জুন) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমানার মধ্যস্থল তিলকপুর বাজারে স্থানীয় গ্রামবাসীর ব্যানারে ঘণ্টাবাপী এ কর্মসূচি পালিত হয়। নিহতের স্বজনদের পাশাপাশি এতে অংশ নেয় কয়েকশ নারী-পুরুষ। এসময় বিক্ষুদ্ধরা সড়কে অবস্থান নিয়ে দীর্ঘ সময় অবরোধ করে রাখেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক সড়কে চলাচলকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মাসুমের মা রুমি আক্তার, বোন মাধুরিসহ গ্রামবাসী এবং মানবাধিকার সংগঠনের বিভিন্ন কর্মীরা। তারা বলেন, ক্ষমতাসীন দলের ছায়াতলে থাকায় হত্যাকাণ্ডে জড়িতদের অনেকেই ধরাছোঁয়ার বাহিরে। মামলা হলেও আসামি গ্রেফতারে পুলিশ দৃশ্যমান কোনো ভূমিকা রাখছে না। রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে অবিলম্বে মাসুম হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নিহত মাসুমের মা রুমি আক্তার বলেন, ওরা আমার ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এর আগেও আমাদের পরিবারের আরও দুইজনকে হত্যা করেছিলো তারা। এখন পর্যন্ত এসবের কোনো বিচার হয়নি। আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক। হানিফ আর শিবলু দুজন মিলেই আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। অবিলম্বে তাদের আইনের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করা হোক। নিহত মাসুমের বোন মাধুরি বলেন, খুনিরা সবাই বিএনপির রাজনীতিতে জড়িত। তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের পরিবারের উপর বারবার নির্যাতন চালিয়ে আসছে। মামলা করার পর থেকে আমাদের নির্বংশ করার হুমকি দিয়ে আসছে। খুনিদের বিচার না হলে এ ধরনের ঘটনা বার বার ঘটতে থাকবে। আমার ভাইয়ের হত্যার সঙ্গে জড়িত সবাইকে ফাঁসি দিতে হবে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, হত্যাকান্ডের শিকার যুবকসহ আসামিরা প্রত্যেকেই নওগাঁ সদর থানার বাসিন্দা। সেখানকার একটি জমি সংক্রান্ত বিরোধের জেরে নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমানার মধ্যস্থল তিলকপুরে এ হত্যাকান্ডটি ঘটেছে। নিহতের পরিবার ৮-১০ জনের নাম উল্লেখ করে কয়েকজনকে আজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে। হত্যাকাণ্ডের রাতেই জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছিলো। নওগাঁ সদর থানা পুলিশের সহযোগীতায় বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আরমান হোসেন রুমন/এএইচ/জেআইএম
Go to News Site