Somoy TV
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।মঙ্গলবার (২ জুন) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। স্থানীয় সরকারমন্ত্রীর কর্মসূচি সকাল সাড়ে ৯টায় গুলশান-বনানী লেকের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুসারে লেক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে কালাচাঁদপুর এলাকা থেকে এ পরিদর্শন শুরু হবে। পরিদর্শন কার্যক্রমে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। অর্থমন্ত্রীর কর্মসূচি দুপুর ১২টায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
Go to News Site