Collector
বিক্ষোভের মুখে রাতে ভার্চুয়াল সভা, ইসলামী ব্যাংকের এমডির পদত্যাগ গ্রহণ | Collector
বিক্ষোভের মুখে রাতে ভার্চুয়াল সভা, ইসলামী ব্যাংকের এমডির পদত্যাগ গ্রহণ
Jagonews24

বিক্ষোভের মুখে রাতে ভার্চুয়াল সভা, ইসলামী ব্যাংকের এমডির পদত্যাগ গ্রহণ

গ্রাহকদের বিক্ষোভ ও বাধার মুখে দিনেরবেলায় নির্ধারিত পরিচালনা পর্ষদের সভা করতে পারেনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। পরে সোমবার (১ জুন) রাতে ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকটির পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলম, যার নিয়োগ বাতিলের দাবিতে দিনভর ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন গ্রাহকরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভায় পাঁচজন পরিচালক অংশ নেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। এছাড়া নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমান ভারপ্রাপ্ত এমডি মো. আলতাফ হোসাইনকে দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ। বিষয়টি জানতে জাগো নিউজের প্রতিবেদক চেয়ারম্যান খুরশীদ আলম ও স্বতন্ত্র পরিচালক খুরশিদ ওয়াহবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দেননি তারা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের সভাপতিত্বে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় পাঁচজন পরিচালক অংশ নেন এবং এমডির পদত্যাগপত্র গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকিং সময়ের বাইরে রাতে পর্ষদ সভা আয়োজনের বৈধতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সভাটি অনলাইনে অনুষ্ঠিত হওয়ায় এতে কোনো বিধিগত সমস্যা নেই। সশরীরে হলে ব্যাংকিং সময়ের মধ্যেই সভা আয়োজন করতে হতো। এর আগে নতুন চেয়ারম্যানের আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গ্রাহকদের বিক্ষোভের কারণে সশরীরে সেই সভা আয়োজন সম্ভব হয়নি। নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে সোমবার সকাল থেকেই রাজধানীর দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন গ্রাহক ও শেয়ারহোল্ডাররা। একপর্যায়ে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে মানববন্ধন কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয়। ঈদের আগের শেষ কর্মদিবস ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের মনোনীত স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাতে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর খুরশীদ আলম চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন। তার পুনর্নিয়োগের পর থেকেই ইসলামী ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট একটি রাজনৈতিক পক্ষ বিভিন্ন ব্যানারে এর বিরোধিতা করে আসছে। ঈদের ছুটির সময়ও দেশের বিভিন্ন স্থানে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে কর্মসূচি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইএআর/এমএএইচ/

Go to News Site