Jagonews24
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া বাজারে এক বিএনপি নেতার জুয়ার আসরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজার এলাকায় জুয়া, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড চলায় বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। অভিযোগের কেন্দ্রে থাকা ব্যক্তি হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে জুয়ার আসরে দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কান্দানিয়া বাজারটি ফুলবাড়ীয়া, ত্রিশাল ও ভালুকা উপজেলার সংযোগস্থলের একটি গুরুত্বপূর্ণ বাজার। ব্যবসা-বাণিজ্যের জন্য বাজারটির সুনাম থাকলেও গত এক বছরে সেখানে জুয়া নিয়ে উদ্বেগ বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, সন্ধ্যার পর বাজারের পরিবেশ অস্বস্তিকর হয়ে ওঠায় অনেক ক্রেতা আগেভাগেই বাজার ত্যাগ করেন। স্থানীয়দের অভিযোগ, বাজারের দক্ষিণ পাশে প্রায় প্রতিদিন রাতে জুয়ার আসর বসে। কয়েকবার উদ্যোগ নিয়েও এসব কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হয়নি বলে দাবি তাদের। ভাইরাল হওয়া ছবিতে দুইজনকে তাস খেলায় অংশ নিতে দেখা যায়। পত্রিকা বিছিয়ে তার ওপর টাকা রাখা অবস্থাও দৃশ্যমান। ছবিতে স্থানীয় এক বিএনপি নেতাকেও বসে থাকতে দেখা গেছে বলে দাবি করেছেন এলাকাবাসী। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন জাগো নিউজকে বলেন, ‘এটি মূলত একটি স্থিরচিত্র (ছবি), কোনো ভিডিও নয়। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের ছবি তৈরি বা সম্পাদনা করা সম্ভব। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা, সামাজিকভাবে সম্মানহানি করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যেই এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষরা সরাসরি কোনো কিছু করতে না পেরে এ ধরনের অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলে আমি মনে করি।’ ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জাগো নিউজকে বলেন, কিছুক্ষণ আগেই ছবিটি দেখেছি। ভাইরাল হওয়া ছবিটি আসলে কার এবং কতদিন আগের তা যাচাই করতে হবে। আমি এখানে অল্প কিছুদিন হলো যোগদান করেছি। প্রয়োজনীয় তথ্য যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। হোসাইন সুলভ/এফএ/এমএস
Go to News Site