Somoy TV
মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানে ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে লেবাননে ইসরাইলের সামরিক তৎপরতা বৃদ্ধি। জানা গেছে, এ নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি। এক্সিওস যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এবং ফোনালাপ সম্পর্কে অবগত তৃতীয় একটি সূত্রের বরাতে জানিয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে ‘পুরোপুরি পাগল’ বলে আখ্যা দেন এবং তার প্রতি অকৃতজ্ঞতার অভিযোগ তোলেন। প্রতিবেদনে আরও বলা হয়, বৈরুত লক্ষ্য করে হামলার ইসরাইলি পরিকল্পনাও আটকে দিয়েছেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, লেবাননের রাজধানীতে বোমা হামলার হুমকি বিশ্বমঞ্চে ইসরাইলকে আরও বিচ্ছিন্ন করে ফেলবে। ফোনালাপের সময় ট্রাম্প দাবি করেন, তিনি নেতানিয়াহুকে কারাগারে যাওয়া থেকে রক্ষা করতে সহায়তা করেছেন, যা ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার প্রসঙ্গ বলে উল্লেখ করা হয়েছে। আরও পড়ুন: ইরানের হুঁশিয়ারির পর বৈরুত হামলার পরিকল্পনা থেকে পিছু হটল ইসরাইল অ্যাক্সিওসের প্রতিবেদনে উদ্ধৃত সূত্রগুলোর দাবি, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন: তুমি একেবারে পাগল। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমাকে বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এ কারণে সবাই ইসরাইলকেও ঘৃণা করে। প্রতিবেদনে আরও বলা হয়, একপর্যায়ে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে জিজ্ঞাসা করেন, ‘তুমি আসলে কী করছ?’ নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর এটিকে ‘ফলপ্রসূ’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ইসরাইলি সেনারা বৈরুতের দিকে অগ্রসর হবে না। নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘আজ আমি বিবি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি এবং তাকে লেবাননের বৈরুতে বড় ধরনের অভিযান না চালানোর অনুরোধ করেছি। তিনি তার সেনাদের ফিরিয়ে নিয়েছে। ধন্যবাদ, বিবি!’
Go to News Site