Jagonews24
গরম পড়লেই খাবার নিয়ে নানা ধরনের সতর্কতা শুরু হয়। কেউ ঠান্ডা খাবারের দিকে ঝোঁকেন, কেউ আবার মাংসজাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করেন। বিশেষ করে অনেকের ধারণা, প্রচণ্ড গরমে মুরগির মাংস খেলে শরীর গরম হয়ে যায়, হজমে সমস্যা হয় বা নানা শারীরিক অস্বস্তি দেখা দেয়। ফলে গ্রীষ্মকালে অনেকেই খাদ্যতালিকা থেকে চিকেন বাদ দেন। তবে পুষ্টিবিদদের মতে, এই ধারণা পুরোপুরি সঠিক নয়। গরমের সময়ও মুরগির মাংস খাওয়া যায়। বরং এটি একটি উচ্চমানের প্রোটিনসমৃদ্ধ খাবার, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে বিষয়টি নির্ভর করে কীভাবে মুরগির মাংস রান্না করা হচ্ছে এবং কতটা পরিমাণে খাওয়া হচ্ছে তার ওপর। গরমে চিকেন খাওয়া কি নিরাপদ? মুরগির মাংস সহজপাচ্য প্রাণিজ প্রোটিনের অন্যতম উৎস। ১০০ গ্রাম মুরগির বুকের মাংসে প্রায় ৩১ গ্রাম প্রোটিন পাওয়া যায়। এছাড়া এতে রয়েছে ভিটামিন বি৬, ভিটামিন বি১২, নিয়াসিন, আয়রন, জিঙ্ক ও ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এই পুষ্টিগুলো শরীরের শক্তি বৃদ্ধি, পেশি গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা এবং রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে। যেভাবে রান্না করলে সমস্যা তৈরি হয় অনেকেই মনে করেন মুরগির মাংসই সমস্যার কারণ। কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যার মূল কারণ হলো রান্নার ধরন। প্রচুর তেল, ঘি এবং অতিরিক্ত ঝাল-মসলা দিয়ে রান্না করা মুরগির মাংস গরমের সময় হজমে সমস্যা সৃষ্টি করতে পারে। তীব্র গরমে শরীরের বিপাকীয় কার্যক্রম কিছুটা ধীর হয়ে যায় এবং অনেকেরই হজমশক্তি কমে যায়। ফলে ভারী ও তেলযুক্ত খাবার খেলে অস্বস্তি, গ্যাস, বদহজম বা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই গরমে মুরগির মাংস খেতে চাইলে রান্নার পদ্ধতির দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। হালকা মসলায় রান্না করুন গ্রীষ্মকালে মুরগির মাংস রান্নার সবচেয়ে ভালো উপায় হলো হালকা মসলা ব্যবহার করা। মুরগি রান্নার আগে রাতে দই, রসুন, পেঁয়াজ, লবণ এবং অল্প কিছু মসলা দিয়ে মুরগির মাংস মেরিনেট করে রাখতে পারেন। পরেরদিন অল্প তেলে রান্না করলে মাংস নরম ও সুস্বাদু হবে। পাশাপাশি এটি সহজে হজমও হবে। দই ব্যবহারের কারণে মাংস আরও নরম হয় এবং হজমে সাহায্য করে। স্টু হতে পারে স্বাস্থ্যকর বিকল্প গরমের দিনে মুরগির মাংসের স্টু তৈরি করতে পারেন। এতে কম তেল লাগে এবং সবজির সঙ্গে রান্না করা যায়। গাজর, আলু, পেঁপে বা অন্যান্য সবজি যোগ করলে খাবারের পুষ্টিগুণ আরও বেড়ে যায়।চিকেন স্টু শরীরকে প্রয়োজনীয় প্রোটিনের পাশাপাশি পানি ও খনিজ উপাদানও সরবরাহ করে, যা গরমে শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। নিয়মিত চিকেন খাওয়ার উপকারিতা পরিমিত পরিমাণে মুরগির মাংস খেলে শরীরের পেশি মজবুত থাকে এবং দীর্ঘ সময় শক্তি পাওয়া যায়। এতে থাকা প্রোটিন শরীরের কোষ গঠন ও মেরামতে সাহায্য করে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, বিপাকক্রিয়া উন্নত করা এবং রক্তস্বল্পতার ঝুঁকি কমাতেও ভূমিকা রাখে। তবে গরমের সময়ে পর্যাপ্ত পানি পান করা, তাজা খাবার খাওয়া এবং অতিরিক্ত তেল-মসলা এড়িয়ে চলা জরুরি।গরমে মুরগির মাংস খাওয়া ক্ষতিকর, এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং সঠিক উপায়ে রান্না করা চিকেন হতে পারে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার। সূত্র: ইন্ডিয়া টুডে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা,হেলথলাইন আরও পড়ুন: মধুভাতের উপকারিতা জানেন? রইলো রেসিপি ব্রণের পেছনে লুকিয়ে থাকতে পারে মানসিক চাপ এসএকেওয়াই
Go to News Site