Collector
বাংলাদেশের আমের নতুন বাজার হতে পারে মালয়েশিয়া | Collector
বাংলাদেশের আমের নতুন বাজার হতে পারে মালয়েশিয়া
Somoy TV

বাংলাদেশের আমের নতুন বাজার হতে পারে মালয়েশিয়া

তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের রফতানি পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে এবার মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি তাজা আম রফতানির এক বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৩ সাল থেকে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এই সুযোগ সৃষ্টিতে নিরলস কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে।মঙ্গলবার (২ জুন) মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের সমন্বয়ে মালয়েশিয়ার কৃষি বিভাগের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও ‘পেস্ট রিস্ক অ্যানালাইসিস’ (পিআরএ) রিপোর্ট পাঠানো হয়েছে। বাজারটিতে আমের ব্যাপক চাহিদা এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি থাকায় আমদানিকারক ও সুপারশপগুলোর মাঝেও এ নিয়ে বিশেষ আগ্রহ দেখা গেছে। বাংলাদেশ সরকার ও হাইকমিশনের এই ফলপ্রসূ তৎপরতার ধারাবাহিকতায়, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়ার কৃষি বিভাগ বাংলাদেশের আম বাগান এবং তাজা ফল প্যাকিং সুবিধাগুলোর নিয়ম-কানুন যাচাইকরণের (ভেরিফিকেশন অব কমপ্লায়েন্স) একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। মালয়েশিয়ার অভ্যন্তরীণ আইন অনুযায়ী, যেকোনো দেশ থেকে তাজা আম আমদানির ক্ষেত্রে কীটপতঙ্গ ঝুঁকি বিশ্লেষণ সম্পন্ন করার পূর্বশর্ত হিসেবে এই ধরনের সরেজমিন যাচাইকরণ পরিদর্শন অত্যন্ত অপরিহার্য। আরও পড়ুন: নবাবগঞ্জের সুমিষ্ট আম, সম্ভাবনা থাকলেও বাধা অভিজ্ঞতার অভাব মালয়েশিয়ার এই প্রস্তাবে সম্মত হয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দফতরগুলো ইতোমধ্যে তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ৭ থেকে ১৩ জুন, ২০২৬ তারিখের মধ্যে মালয়েশিয়ার কৃষি বিভাগের দুই সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। সফরকালে তারা দেশের বিভিন্ন আম উৎপাদন এলাকা, আধুনিক প্যাকিং ব্যবস্থা, সংরক্ষণ সুবিধা এবং রফতানি-প্রস্তুতি সরাসরি পর্যবেক্ষণ করবেন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের অধীন ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প’ এই গুরুত্বপূর্ণ পরিদর্শনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এই পরিদর্শনে মালয়েশীয় প্রতিনিধিদলের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় মান ও নিরাপত্তা শর্ত সঠিকভাবে পূরণ করা সম্ভব হলে, চলতি মৌসুমেই মালয়েশিয়ায় বাংলাদেশের তাজা আম রফতানি শুরু হতে পারে। মালয়েশিয়ার মতো একটি সম্ভাবনাময় বাজারে আমের প্রবেশাধিকার নিশ্চিত হলে, তা ভবিষ্যতে দক্ষিণ-পূর্ব এশিয়ার (আসিয়ান) অন্যান্য দেশগুলোতেও বাংলাদেশের আমের বাজার সম্প্রসারণে ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখবে।

Go to News Site