Jagonews24
অভিনেত্রী ও মডেল নায়লা নাঈম রাস্তায় প্রকাশ্যে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। সোমবার (২ জুন) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘটনার বিস্তারিত জানান। নায়লা নাঈম জানান, মায়ের সঙ্গে সাভারের একটি লোকাল মার্কেটে সবজি কেনার সময় তিনি এ ঘটনার শিকার হন। পোস্টে তিনি লেখেন, ‘এটা কি স্বাধীন রাষ্ট্র? আমাকে উত্তর দিন। আমি একজন অরাজনৈতিক ব্যক্তি। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কতটা শালীন পোশাক পরি।’ তিনি আরও জানান, বাজারে দাঁড়িয়ে থাকার সময় মাথায় টুপি পরা এক ব্যক্তি তাকে দুই হাতে ধাক্কা দেন। পরে তিনি মাটিতে পড়ে যান এবং হাতে আঘাত পান। নায়লা নাঈমের ভাষায়, ওই ব্যক্তি তাকে উদ্দেশ্য করে বলেন, তিনি কেন ‘বেপর্দা’ অবস্থায় বাজারে এসেছেন। আকস্মিক এই ঘটনায় তিনি ও তার মা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত স্থান ত্যাগ করেন। অভিনেত্রী আরও লেখেন, ঘটনার পর তার মা এখনো আতঙ্কে আছেন এবং ভয়ে কাঁপছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে নায়লা নাঈমের পাশে দাঁড়িয়েছেন এবং ঘটনার নিন্দা জানিয়েছেন। কেউ কেউ দোষীর শাস্তির দাবি তুলেছেন, আবার কেউ তাকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এলআইএ
Go to News Site