Jagonews24
কয়েকদিন আগেই অসুস্থতা নিয়ে আলোচনায় এসেছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। পেটের সমস্যাজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও পরে বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি তিনি। এরই মধ্যে অভিনেতার নতুন এক বার্তা ঘিরে আবারও উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা। প্রতিদিনের মতো ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা শেয়ার করেন অমিতাভ। তবে এবার তার পোস্টের শুরুতেই ছিল একটি বাক্য- ‘আমার হৃদয় সজোরে স্পন্দিত হচ্ছে!’ আর এতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনেক অনুরাগী। অনেকেই মনে করেন, ৮০ পেরোনো এই অভিনেতা এখনো সমান উদ্যমে কাজ করে যাচ্ছেন। বয়স বাড়লেও কাজের ব্যস্ততা কমাননি তিনি। তাই তার এমন মন্তব্য দেখে কেউ কেউ শঙ্কা প্রকাশ করেন, হয়তো আবারও কোনো শারীরিক সমস্যার মুখোমুখি হয়েছেন ‘বিগ বি’। তবে পোস্টের পরবর্তী অংশে সেই আশঙ্কার অবসান ঘটে। অমিতাভ জানান, প্রতি রবিবার তার মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’র সামনে ভক্তদের ভিড় জমে। সেই মুহূর্তকে ঘিরেই তার এই আবেগঘন অনুভূতি। তিনি লেখেন, “প্রতি রবিবার ‘জলসা’র সামনে ভিড় জমে। আমার হৃদয় প্রত্যাশায় স্পন্দিত হয়। মনে প্রশ্ন জাগে, তারা কি আসবে? ফটক খোলার সঙ্গে সঙ্গেই সেই উত্তর পেয়ে যাই।” দীর্ঘদিন ধরেই প্রতি বোরবার ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ বচ্চন। ‘জলসা’র সামনে জড়ো হওয়া অসংখ্য অনুরাগীর উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান তিনি। এই নিয়ম বহু বছর ধরেই পালন করে আসছেন বলিউডের ‘শাহেনশাহ’। অভিনেতার ভাষ্য, ভক্তদের ভালোবাসা ও উপস্থিতিই তাকে নতুন করে কাজের অনুপ্রেরণা জোগায়। তাই প্রতি সপ্তাহে তাদের দেখা পাওয়ার অপেক্ষায় থাকেন তিনি। আরও পড়ুন:কণ্ঠস্বর ভালো রাখতে যে পরামর্শ দিলেন ইমন চক্রবর্তী যে কারণে ইমরান হাশমির ফ্লপ সিনেমার গান আজও কালজয়ী গত রোববারও নির্ধারিত সময়ে ‘জলসা’র প্রধান ফটকের সামনে উপস্থিত হন অমিতাভ। ফটক খুলতেই ভক্তদের উচ্ছ্বাস আর ভালোবাসায় হাসিমুখে সাড়া দেন তিনি। আর সেই দৃশ্যই যেন তাকে আশ্বস্ত করেছে-সময় বদলালেও ভক্তদের হৃদয়ে তার অবস্থান এখনও অটুট। অমিতাভের সাম্প্রতিক এই বার্তা তাই অসুস্থতার ইঙ্গিত নয়, বরং ভক্তদের প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ। এমএমএফ
Go to News Site