Collector
মেঘনার ভাঙন থেকে রক্ষার জন্য নদীপাড়ে মানববন্ধনে হিজলার বাসিন্দারা | Collector
মেঘনার ভাঙন থেকে রক্ষার জন্য নদীপাড়ে মানববন্ধনে হিজলার বাসিন্দারা
Somoy TV

মেঘনার ভাঙন থেকে রক্ষার জন্য নদীপাড়ে মানববন্ধনে হিজলার বাসিন্দারা

মেঘনা নদীর আগ্রাসী ভাঙন থেকে রক্ষা এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বরিশালের হিজলার গৌরবদী ইউনিয়নের বাসিন্দারা।সোমবার (২ জুন) দুপুরে ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার হাজারো মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে অংশ নিয়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও আশঙ্কাজনক অবস্থায় থাকা পরিবারগুলো নিজেদের অস্তিত্ব রক্ষার দাবি জানান। এ সময় ক্ষোভ প্রকাশ করেন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ষাটোর্ধ্ব আব্দুল কুদ্দুস মিয়া বলেন, 'আমার বাপ দাদার তিনডা ভিটা এই মেঘনা নদী গিলে খাইছে। এখন যেটুক বাকি আছে, হেইডাও ভাঙতাছে। আমরা সরকারের কাছে কোনো ত্রাণ বা চাল-ডাল চাই না, আমরা আমাগো ভিটাডা বাঁচাইতে চাই।' স্থানীয় সমাজসেবক মো. রফিকুল ইসলাম বলেন, 'বছরের পর বছর ধরে আমরা শুধু আশ্বাসের বাণী শুনছি। বর্ষা মৌসুমে জিওব্যাগ ফালানো হয়। যা মেঘনার স্রোতে ভেসে যায়। গৌরবদী ইউনিয়নকে মানচিত্র থেকে রক্ষা করতে হবে সরকারের।' আরও পড়ুন: মেঘনায় ঝড়ের কবলে সি-ট্রাক, তীরে ফিরেই সিজদায় যাত্রীরা আন্দোলনকারীদের পক্ষে হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন হুঁশিয়ারি দিয়ে বলেন, 'বর্ষা পুরোপুরি শুরু হওয়ার আগেই যদি স্থায়ী বাঁধের দৃশ্যমান কাজ শুরু না হয়, তবে পুরো গৌরবদী ইউনিয়নের বাসিন্দারা আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলন গড়ে তুলবো।' উপজেলা বিএনপির আরেক নেতা সলেমান জমাদ্দার বলেন, 'উপজেলার বিস্তীর্ণ এলাকা আজ মেঘনার পেটে চলে যাচ্ছে। বছরের পর বছর ধরে এখানকার মানুষ শুধু মিথ্যা আশ্বাস পেয়েছে। এই অঞ্চলের মানুষের জানমাল রক্ষা করা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি বাঁচা-মরার লড়াই। আরও পড়ুন: মেঘনায় নিখোঁজ বিএএফ শাহীন কলেজের সেই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার বলেন, 'স্থানীয়দের মানববন্ধনের বিষয়টি দৃষ্টিতে এসেছে। শীঘ্রই এ সংক্রান্ত আবেদন পানি উন্নয়ন বোর্ডের কাছে পাঠানো হবে।'

Go to News Site