Jagonews24
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের মসজিদের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৩৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন জানান, আজ বিকেলের দিকে নতুন ভবনের মসজিদের পাশে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে হাসপাতালের কর্মচারীদের সহায়তায় দ্রুত উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত ব্যক্তির মরদেহ মর্গে রাখা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন দলকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। কাজী আল আমিন/এমএমকে
Go to News Site