Collector
চট্টগ্রামের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম | Collector
চট্টগ্রামের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম
Jagonews24

চট্টগ্রামের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম

চট্টগ্রাম নগরীর বর্জ্যকে সম্পদে রূপান্তর করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনের সিভিয়া-চায়না হার্বার-অর্চার্ড কনসোর্টিয়াম। নগরের আবর্জনা ব্যবহার করে ৩০ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি প্রস্তাব চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাছে উপস্থাপন করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২ জুন) টাইগারপাসে চসিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং কনসোর্টিয়ামের প্রতিনিধিরা। সভায় প্রতিনিধি দল জানায়, চীনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তারা এরই মধ্যে ৪১টি আধুনিক বর্জ্যভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনা করেছে। এসব প্রকল্পে পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে নগর বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি জ্বালানি উৎপাদন করা হচ্ছে। মেয়র শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিদিন নগরে বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়, যা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সম্পদে পরিণত করা সম্ভব। বিশ্বের উন্নত দেশগুলো বর্জ্যকে সম্পদ হিসেবে ব্যবহার করছে এবং চট্টগ্রামেও সেই আধুনিক ধারণা বাস্তবায়নের সময় এসেছে। তিনি আরও বলেন, আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে নগরীর পরিবেশগত চাপ কমবে, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির নতুন উৎস তৈরি হবে। এটি টেকসই নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে মেয়র জানান, যে কোনো প্রকল্প বাস্তবায়নের আগে এর কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত দিক গভীরভাবে পর্যালোচনা করা হবে। পাশাপাশি নগরবাসীর স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সভায় উভয় পক্ষ সম্ভাব্য প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। এ বিষয়ে ভবিষ্যতে আরও বিস্তারিত কারিগরি মূল্যায়ন ও সম্ভাব্যতা যাচাই কার্যক্রম পরিচালনার বিষয়েও মতবিনিময় হয়। এমআরএএইচ/এমআরএম

Go to News Site