Somoy TV
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আপন ভাগনিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক বিভাগের একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় তার ১৫ বছর বয়সি ভাগনি গুরুতর আহত হয়েছে।মঙ্গলবার (২ জুন) বিকেলে চাঁদপুরের মতলব সেতুর দক্ষিণ অংশের সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত তরুণের নাম রাব্বি (২০)। তিনি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারি বাড়ির মিজানুর রহমানের ছেলে এবং মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত ভাগনি ইশাত (১৫) ঢাকার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।পারিবারিক সূত্রে জানা গেছে, ইশাতের বাবা মো. জুয়েল সচিবালয়ের একজন গাড়িচালক। তারা সপরিবার ঢাকার যাত্রাবাড়ী এলাকায় থাকেন। ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে মতলব দক্ষিণ উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল ইশাত। মঙ্গলবার বিকেলে মামা রাব্বি তাকে মোটরসাইকেল চালানো শেখাতে নিয়ে যান। আরও পড়ুন: বন্ধ ফ্ল্যাটে দুর্গন্ধ, দরজা ভেঙে মিলল বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার লাশ!চাঁদপুর সদর হাসপাতালে আসা রাব্বির চাচি মরিয়ম বেগম এসব তথ্য নিশ্চিত করেছেন।দুর্ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় হতাহতদের উদ্ধারকারী অ্যাম্বুলেন্স চালক মো. জসিম বলেন, ‘মতলব সেতুর দক্ষিণ অংশে সড়ক বিভাগের রাস্তা মেরামতের কাজ চলছিল। সেখানে তাদের একটি ট্রাক থামানো ছিল। মোটরবাইক চালানো শেখানোর সময় গতি নিয়ন্ত্রণ করতে না পেরে রাব্বি ও তার ভাগনি সরাসরি ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। সড়ক বিভাগের কর্মীরা আমার খালি অ্যাম্বুলেন্স দেখে থামালে আমি তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাই।’চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, রাব্বি নামের ওই তরুণকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আর আহত কিশোরী ইশাতকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।মতলব দক্ষিণ থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Go to News Site