Somoy TV
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পৈকখালী বাজার সংলগ্ন একটি ডোবা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা ডোবার কাছে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে ভাণ্ডারিয়া থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আরও পড়ুন: বন্ধ ফ্ল্যাটে দুর্গন্ধ, দরজা ভেঙে মিলল বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার লাশ!ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Go to News Site