Somoy TV
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।মঙ্গলবার (২ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট এই অভিনন্দন জানান। পোস্টে ড. মোহাম্মদ মুইজ্জু লেখেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই এবং এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনার সাফল্য কামনা করি।’ তিনি আরও বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আপনার সুদক্ষ নেতৃত্বে সাধারণ পরিষদ সকল সদস্য রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে যাবে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জনগণ এবং বৃহত্তর অঞ্চলের জন্য একটি গর্বের মুহূর্ত।’ আরও পড়ুন: সব সদস্যরাষ্ট্রের সভাপতি হিসেবে কাজ করব: খলিলুর রহমান এর আগে, সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সাধারণ পরিষদের সদস্যরাষ্ট্রগুলোর ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আন্দ্রেজ কাকাউরিস পেয়েছেন ৯১টি ভোট। আট ভোটের ব্যবধানে সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে জয়ী হন বাংলাদেশের প্রার্থী। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী এক বছর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন। আগামী ৮ সেপ্টেম্বর এই অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।
Go to News Site