Jagonews24
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রাম নগরীতে দোয়া, মিলাদ মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) রাতে নগরের বার্মা কলোনিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাইফুল ইসলাম সাইফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার আদর্শ, নেতৃত্বগুণ ও কর্মময় জীবন থেকে নতুন প্রজন্মের শিক্ষা গ্রহণ করা উচিত। তিনি আরও বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন সম্ভব। রাজনৈতিক অঙ্গনে শৃঙ্খলা, আত্মত্যাগ ও দায়িত্বশীলতার চর্চার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খতমে কোরআন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে অতিথি, নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে মেজবানের আয়োজন করা হয়। এমআরএএইচ/এমএমকে
Go to News Site