Somoy TV
গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। উপত্যকার দেইর আল-বালাহ এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে আশপাশের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরাইলের দাবি, হামাস যোদ্ধাদের লক্ষ্য করেই এসব হামলা চালাচ্ছে তারা।স্থানীয় সময় মঙ্গলবার (২ জুন) মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে একটি গাড়ি লক্ষ্যবস্তু করা হয়। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় মানুষ নিরাপদ স্থানে সরে যান। একইদিনে কাছাকাছি জাওয়াইদা শহরে আরেকটি হামলায় কয়েকজন হতাহত হয়েছেন বলে জানায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চলে ইসরাইলি গুলিতে আরও একজন নিহত হন। বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলার কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। আরও পড়ুন: গাজা যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন জটিলতা ইসরাইলি বাহিনী এসব ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছে, গাজায় হামাস যোদ্ধাদের লক্ষ্য করেই অভিযান চালানো হচ্ছে। তবে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, হামলায় বেসামরিক নাগরিকদেরই লক্ষ্যবস্তু করা হচ্ছে। উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও বাস্তবে তা থমকে গেছে। ইসরাইল ও হামাসের মধ্যে দ্বিতীয় ধাপের চুক্তি বাস্তবায়ন নিয়ে পরোক্ষ আলোচনা অচলাবস্থায় রয়েছে। যেখানে অস্ত্র সমর্পণ ও সেনা প্রত্যাহারের মতো বিষয়গুলো মূল বাধা হিসেবে দেখা হচ্ছে। এ অবস্থায় গাজার বড় অংশ ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে, আর সংঘাত এখনও পুরো অঞ্চলজুড়ে বিস্তৃত।
Go to News Site