Jagonews24
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার ও মন্ত্রী পদে পুনর্বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২ জুন) সন্ধ্যার দিকে রাঙ্গামাটি শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ-মিছিল ও রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের কলেজ গেইট এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে সমাবেশ করেন। ঘণ্টাব্যাপী সমাবেশ ও অবরোধ চলাকালীন সময় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ ছিল। সমাবেশের আগে শহরের কলেজগেট এলাকা থেকে একটি মিছিল শুরু করে রাঙ্গামাটি জিমনেসিয়াম চত্বর প্রদক্ষিণ করে রাঙ্গামাটি সরকারি কলেজের গেইটের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে সমাবেশ করা হয়। জেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক বাচ্চু মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শিবলি কান্তি চাকমা, জেলা মহিলা দলের সভাপতি পারুল বেগম, জেলা বিএনপির সদস্য সাবের আলী, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসল সিরাজ, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. শাকিল প্রমুখ। এসময় বক্তারা বলেন, পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ও জেলা বিএনপির একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করাতে বাধ্য করানো হয়েছে। অবিলম্বে দীপেন দেওয়ানকে তার পদে পুনর্বহাল রাখার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের পাশাপাশি ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। আবু দারদা খান আরমান/এফএ/এমএস
Go to News Site