Collector
২ আসামি হাজতখানায়, আত্মপক্ষ সমর্থন শুনানি শুরু ১১টায় | Collector
২ আসামি হাজতখানায়, আত্মপক্ষ সমর্থন শুনানি শুরু ১১টায়
Jagonews24

২ আসামি হাজতখানায়, আত্মপক্ষ সমর্থন শুনানি শুরু ১১টায়

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ বুধবার (৩ জুন) আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণের শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ জন্য দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এ শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। আদালত সূত্রে জানা যায়, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার (২ জুন) মামলার সাক্ষ্যগ্রহণের শেষ দিনে তদন্তকালে জব্দ করা কাটা গ্রিলসহ বিভিন্ন আলামত আদালতে উপস্থাপন করা হয়। এসব আলামত সাক্ষীদের মাধ্যমে শনাক্ত করে নথিভুক্ত করা হয়। সাক্ষ্যগ্রহণ চলাকালে ঘটনাস্থলের বিবরণ দিতে গিয়ে তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ সদস্য আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি আলামত সংগ্রহ ও ঘটনাস্থল পরিদর্শনের বিস্তারিত বর্ণনা আদালতে তুলে ধরেন। আদালত সূত্রে জানা যায়, মামলায় মোট ১৭ জন সাক্ষীর মধ্যে মঙ্গলবার ১৬ জন আদালতে উপস্থিত ছিলেন। বিকেল ৩টা পর্যন্ত ১৬ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। সাক্ষীদের মধ্যে ছিলেন নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভীন আক্তার, বড় বোন রাইসা আক্তার, প্রতিবেশী এবং ঘটনাসংশ্লিষ্ট স্থানীয় সাক্ষীরা। শিশু সাক্ষী হওয়ায় রাইসা আক্তারের সাক্ষ্য ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে গ্রহণ করা হয়। এর আগে সোমবার (১ জুন) একই ট্রাইব্যুনাল দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পরদিনই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় আজ আসামিদের আত্মপক্ষ সমর্থন ও ৩৪২ ধারায় সাফাই সাক্ষ্যগ্রহণ করা হবে। এ কার্যক্রম শেষ হলে মামলার যুক্তিতর্ক শুনানির তারিখ নির্ধারণ করতে পারেন আদালত। এমডিএএ/এসএনআর

Go to News Site