Jagonews24
বরেণ্য অভিনেতা টেলি সামাদের ছেলে দিগন্ত সামাদ বাবার মতো অভিনয়কে পেশা হিসেবে বেছে নেননি। সংগীতের জগতেই নিজের পরিচয় গড়ে তুলছেন তিনি। ব্যান্ড সংগীতের পাশাপাশি এবার নাম লিখিয়েছেন চলচ্চিত্রের গানে। সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মালিক’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন দিগন্ত সামাদ। গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল ও র্যাপার তৌফিক আহমেদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান। গানটিতে দিগন্তের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তৌফিক আহমেদও। দিগন্ত সামাদ বলেন, ‘আমার বাবা একাধিক প্রতিভার অধিকারী ছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি কণ্ঠশিল্পী ও চিত্রশিল্পীও ছিলেন। সংগীতের প্রতি আমার ভালোবাসাটা সম্ভবত তাঁর কাছ থেকেই পাওয়া। অনেক দিন ধরেই সিনেমার গানে কণ্ঠ দেওয়ার ইচ্ছা ছিল। ‘মালিক’ সিনেমার মাধ্যমে সেই যাত্রা শুরু হলো।’ সিনেমায় গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সংগীত পরিচালক অদিত রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। শুধু ‘মালিক’ নয়, ঈদে মুক্তি পাওয়া আরেক সিনেমা ‘রকস্টার’-এর একটি গানেও যুক্ত ছিলেন দিগন্ত। শাকিব খান অভিনীত সিনেমাটির ‘আমাকে উড়িয়ে দাও’ গানে ব্যাক ভোকাল হিসেবে কণ্ঠ দিয়েছেন তিনি। দিগন্তের বিশ্বাস, একজন কণ্ঠশিল্পীর জন্য চলচ্চিত্রের গান একটি বিশেষ অর্জন। তাই ভবিষ্যতে নিয়মিত প্লেব্যাক করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। চলচ্চিত্রের গানের পাশাপাশি নিজের ব্যান্ড নিয়েও ব্যস্ত সময় পার করছেন দিগন্ত সামাদ। পাশাপাশি চলছে তার একক অ্যালবামের কাজও। এলআইএ
Go to News Site