Somoy TV
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কেন্দ্রীয় চুক্তিপ্রাপ্ত ৪৬ জন পুরুষ ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন মিডিয়াম পেসার নুয়ান থুসারা। গত এপ্রিল মাসে বোর্ডের বিরুদ্ধে করা আইনি মামলা প্রত্যাহার করার পরই তার নাম নতুন চুক্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।থুসারার অন্তর্ভুক্তিকে বোর্ডের সঙ্গে তার সম্পর্কের নতুন সূচনা বলে মনে করা হচ্ছে। বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেতে হলে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত আরোপ করায় তিনি আপত্তি জানিয়েছিলেন এবং এসএলসির বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছিলেন। তবে যেসব বোর্ড কর্মকর্তার সঙ্গে তার বিরোধ ছিল, তারা শ্রীলঙ্কা সরকারের সিদ্ধান্তে একযোগে অপসারিত হওয়ার পর থুসারা মামলাটি প্রত্যাহার করেন।এরপর তিনি এসএলসির নতুন প্রশাসকদের কাছে একটি চিঠি দিয়ে জাতীয় দলে নির্বাচনের জন্য নিজের প্রাপ্যতা জানান। নতুন ট্রান্সফরমেশন কমিটি সেই আবেদন গ্রহণ করেছে।নতুন চুক্তিতে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাফনা অঞ্চলের লেগস্পিনার বিজয়কান্ত ভিয়াসকান্থ, উভয়হাতে স্পিন করতে সক্ষম থারিন্দু রত্নায়েকে, ব্যাটার কামিল মিশারা ও লাসিথ ক্রুসপুলে এবং অলরাউন্ডার ইশিথা বিজেসুন্দারা, ওয়ানুজা সাহান ও দিলুম সুদেরা।আরও পড়ুন: সাকিবের পর এবার ইংলিশ কাউন্টিতে নাম লেখাচ্ছেন হাসান মাহমুদঅন্যদিকে, ব্যাটার ভানুকা রাজাপাকসে এ বছরের শুরুতে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে খেললেও জাতীয় চুক্তি পাননি।তবে সামগ্রিকভাবে চুক্তির তালিকায় বড় কোনো চমক নেই। এতে টেস্ট ক্রিকেটে নিয়মিত খেলা দিনেশ চান্দিমাল ও কাসুন রাজিথার মতো ক্রিকেটারদের পাশাপাশি সীমিত ওভারের বিশেষজ্ঞ বিনুরা ফার্নান্দোর মতো খেলোয়াড়ও রয়েছেন।এসএলসি জানিয়েছে, ক্রিকেটারদের ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যদিও কোন খেলোয়াড় কোন ক্যাটাগরিতে আছেন তা প্রকাশ করা হয়নি। চুক্তির মেয়াদ ১ এপ্রিল ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত।আরও পড়ুন: দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতায় ফিরল অস্ট্রেলিয়াশ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তিপ্রাপ্ত ক্রিকেটাররা:কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, পাথুম নিশাঙ্কা, চরিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, দুশ্মন্ত চামিরা, আসিথা ফার্নান্দো, দাসুন শানাকা, মাহেশ থিকসানা, জনিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, নিরোশান ডিকওয়েলা, জেফরি ভ্যান্ডারসে, প্রভাত জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্দো, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশাঙ্কা, পবন রত্নায়েকে, ইশান মালিঙ্গা, মিলান রত্নায়েকে, লাহিরু কুমারা, কাসুন রাজিথা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, রমেশ মেন্ডিস, কামিল মিশারা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা, সোনাল দিনুশা, সাহান আরাচ্চিগে, প্রমোদ মাদুশান, লাসিথ ক্রুসপুলে, লাহিরু উদারা, নুয়ানিদু ফার্নান্দো, বিজয়কান্ত ভিয়াসকান্থ, ইশিথা বিজেসুন্দারা, নিশান মাদুশকা, আকিলা ধনাঞ্জয়া, চামিকা করুনারত্নে, পাসিন্দু সুরিয়াবান্দারা, মোহাম্মদ শিরাজ, ওয়ানুজা সাহান, দিলুম সুদেরা এবং থারিন্দু রত্নায়েকে।
Go to News Site